নওগাঁ হাসপাতালে দালালের দৌরাত্ম্যে ভোগান্তিতে রোগীরা

নওগাঁ জেনারেল হাসপাতাল
নওগাঁ জেনারেল হাসপাতাল | ছবি: এখন টিভি
0

নওগাঁবাসীর একমাত্র চিকিৎসার ভরসাস্থল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। যেখানে প্রতিদিন শত শত রোগী চিকিৎসা সেবাসহ ঔষধ পেয়ে থাকেন। কিন্তু দালালদের কারণে বিড়ম্বনাসহ হয়রানি পোহাতে হয় প্রত্যন্ত গ্রাম থেকে আসা সাধারণ মানুষদের। এছাড়াও প্যাথলজি বিভাগটি বাড়তি সময় চালু রাখার দাবি রোগীদের।

নওগাঁর প্রায় ৩০ লাখ মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসাস্থল ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল। প্রতিদিন শত শত রোগী নামমাত্র ফি তে চিকিৎসাসেবা পেয়ে থাকেন। প্রত্যন্ত গ্রামসহ পাশের বগুড়া ও জয়পুরহাট জেলার বাসিন্দারাও চিকিৎসাসেবা নিয়ে থাকেন এখানে।

আধুনিক চিকিৎসায় হাসপাতালটি গরীব ও মধ্যবিত্ত মানুষের চিকিৎসার মূল কেন্দ্রবিন্দু। প্রতিদিন ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বর্হিবিভাগে চিকিৎসা দেন চিকিৎসকরা। তবে বেলা ১২টা থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা বর্হিবিভাগে চিকিৎসাসেবা শুরু করেন। আর সেসময় প্যাথলজি বিভাগে স্যাম্পল নেয়া বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে জরুরিসেবা পেতে রোগীদের বাইরে বাড়তি টাকা খরচ করে পরীক্ষা-নিরীক্ষা করতে হয়।

রোগীরা জানান, তাদের বাড়তি টাকা দিয়ে চিকিৎসা নিতে হচ্ছে। ফলে ভোগান্তিতে পড়েছেন হাজারও রোগী।

তবে অভিযোগ রয়েছে- গ্রাম থেকে আসা রোগীরা নিয়মিত খপ্পরে পড়েন দালালদের। ডাক্তারের সিরিয়াল করে দেয়া বা কম খরচে পরীক্ষার লোভ দেখিয়ে বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো হয়। এতে টাকা খরচ করেও প্রতারিত হচ্ছেন রোগীরা। এসব দালালদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তাদের।

প্যাথলজি বিভাগ বাড়তি সময় খোলা রাখা ও জনবল সংকটের মধ্যেও কাঙ্ক্ষিত সেবা দেয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ ম আখতারুজ্জামান বলেন, ‘আমরা বেলা সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা নেই। কিছুদিন আগে থেকে নির্দেশনা দেয়া হয়েছে দুপুর ১টা পর্যন্ত করা হবে।’

২৫০ শয্যার জেনারেল হাসপাতালে প্রতিদিন বর্হিবিভাগে প্রায় দুই হাজার রোগী চিকিৎসা নেয়ার পাশাপাশি বিনামূল্যে ৩০ ধরণের বিভিন্ন ঔষধ পেয়ে থাকেন। দ্রুত এই দালাল চক্রের মূলোৎপাটন করে হাসপাতালের সাধারণ চিকিৎসাসেবার মান আরো বাড়ানোর দাবি সাধারণ মানুষের।

এফএস