মেঘ থমথমে আকাশ। অবিরাম বৃষ্টি, সঙ্গে ঝড়ো হাওয়া। উপকূলে আছড়ে পড়ছে সাগরের উত্তাল ঢেউ। গেল কয়েক দশকের মধ্যে শক্তিশালী টাইফুন বাভি আঘাত হানার আগেই এমন বৈরী আবহাওয়ার কবলে পড়েছে জাপান, তাইওয়ান ও চীন।
তাইপের আবহাওয়া অফিসের তথ্য, প্রশান্ত মহাসাগর পেরিয়ে তাইওয়ানের দিকে এগিয়ে আসছে শক্তিশালী টাইফুন বাভি। আঘাত হানতে পারে চীনের দক্ষিণ-পূর্ব স্থলভাগে।
এর জেরে, দ্বীপরাষ্ট্র তাইওয়ানের উত্তর ও পূর্বাঞ্চল এবং জাপানের উপকূলবর্তী এলাকাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেয়া হচ্ছে। আর টাইফুনের প্রভাবে অতিবৃষ্টি ও ভূমিধসের কবলে পড়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্স। বেশ কয়েকজনের প্রাণহানি ছাড়াও এখনও নিখোঁজ অনেকে।
আরও পড়ুন:
এছাড়া বৈরী আবহাওয়ায় পূর্ব এশিয়া অঞ্চলে হাজারেরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বন্ধ রাখা হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। স্থল ও জলপথে যাতায়াতের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছে প্রশাসন।
চীনের দিকে অগ্রসর হতে থাকলেও টাইফুন বাভির প্রভাবে তাইওয়ানের উত্তরাঞ্চলে শুরু হয়েছে অতিভারী বর্ষণ। সঙ্গে বইছে দমকা হাওয়া। ধীরে ধীরে শক্তি হারিয়ে সুপার টাইফুন থেকে সাধারণ টাইফুনে পরিণত হলেও ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে ১৪ হাজারের বেশি মানুষ সরিয়ে নিয়েছে তাইপে।
দুর্যোগ মোকাবিলা ও ত্রাণ সহায়তার জন্য প্রস্তুত রাখা হয়েছে ২৯ হাজার সেনা সদস্য। বাতিল করা হয়েছে প্রায় ৩০০ অভ্যন্তরীণ ফ্লাইট। তাইওয়ানের উত্তর উপকূলে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ।
আরও পড়ুন:
টাইফুন মোকাবিলার সর্বাত্মক প্রস্তুতি চলছে চীনেও। ক্ষয়ক্ষতি এড়াতে শক্ত টেপের সাহায্যে কাঁচের দরজা-জানালা বন্ধ করে দিয়েছেন পূর্বাঞ্চলের বাসিন্দারা। ব্যবহার করা হচ্ছে কাঠের তক্তাও। প্রস্তুত রাখা হয়েছে বালির বস্তা। বন্দরে নোঙর করা হয়েছে সব জাহাজ।
এরইমধ্যে বন্ধ করে দেয়া হয়েছে বেশিরভাগ পর্যটন কেন্দ্র। টাইফুন বাভির কারণে সবচেয়ে বড় ঝুঁকিতে আছে চীনের ওয়েনঝৌ শহর। বন্দর নগরী ও শিল্পবান্ধব শহরটিতে প্রায় এক কোটি মানুষের বাস।
টাইফুন বাভি কাছাকাছি চলে আসায় স্থানীয় সময় সকাল থেকে জাপানেও চলছে মুষলধারে বৃষ্টি, বইছে দমকা বাতাস। বন্ধ করে দেয়া হয়েছে দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ইশিগাকির প্রধান বিমানবন্দর। বাতিল হয়েছে প্রায় ৩০০ ফ্লাইট, ভোগান্তিতে পড়েছেন দুই হাজারেরও বেশি যাত্রী। ভূমিধস, বন্যা এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা থাকায় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।




