প্রশ্নফাঁসকাণ্ডে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি

ককরোচ জনতা পার্টির আন্দোলন
ককরোচ জনতা পার্টির আন্দোলন | ছবি: সংগৃহীত
0

ভারতে প্রশ্নফাঁসকাণ্ডের পর নতুন করে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা নেয়া হলেও; শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি-সিজেপি। চলছে অবস্থান ধর্মঘট, তীব্র গরমের মধ্যে দিল্লির রাস্তা ও ফুটপাতে রাত কাটিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ না করা পর্যন্ত ঘরে না ফেরার হুঁশিয়ারিও দেয়া হয়েছে।

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস ও দু’লাখ শিক্ষার্থীর তথ্য ফাঁস কাণ্ডে ভারতে কিছুতেই কমছে না উত্তেজনা। ৩ মে হওয়া পরীক্ষা বাতিল করে ২১ জুন পুনরায় পরীক্ষা নেয়া হলেও; শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণের দাবিতে অনড় কাকরোচ জনতা পার্টি-সিজেপি।

২২ লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে রোববার নতুন করে হওয়ায় পরীক্ষায় অংশ নেন ১৭ লাখ। মেডিকেলে ভর্তিচ্ছুক বাকি শিক্ষার্থীদের অনেকেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে অবস্থান ধর্মঘট করছেন। তীব্র গরমের মধ্যে রাস্তা ও ফুটপাতে রাত কাটিয়েছেন বিক্ষুব্ধ তরুণ প্রজন্ম। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর অপসারণ নিশ্চিত করা ছাড়া ঘরে ফিরবেন না বলে আল্টিমেটাম দিয়েছেন; ককরোচ জনতা পার্টির সমর্থক জেন-জি প্রজন্ম।

আরও পড়ুন

ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত বেকার ও আন্দোলনকারী তরুণদের "তেলাপোকা" বা "পরজীবী" হিসেবে আখ্যা দেয়ায় গত ১৬ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে ককরোচ জনতা পার্টি নামে ব্যঙ্গাত্মক রাজনৈতিক প্ল্যাটফর্মের আবির্ভাব হয়। এরপর শিক্ষার্থীদের দাবি পূরণে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

ইনস্টাগ্রামে ককরোচ জনতা পার্টির সমর্থক সংখ্যা ২ কোটি ২০ লাখের গণ্ডি ছাড়িয়েছে। যা গত ১২ বছর ধরে ক্ষমতায় থাকা ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সমর্থক সংখ্যার দ্বিগুণ। শিক্ষার্থীদের পক্ষে নয়াদিল্লিতে গত ৬ জুন প্রথম বিক্ষোভ করে ককরোচ জনতা পার্টি।

প্রশ্নফাঁস কাণ্ডে ১০ জনের বেশি শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় বিক্ষোভ উত্তেজনা দিন দিন আরও বাড়ছে। মুম্বাই, বেঙ্গালুরু এবং নাগপুরসহ ভারতের বিভিন্ন শহরেও হচ্ছে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট। পুলিশের চাপ উপেক্ষা করে দাবিতে অনড় আন্দোলনকারীরা।

ভারতের ১৪০ কোটি জনসংখ্যার প্রায় অর্ধেকই ২৫ বছরের কম বয়সী তরুণ। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, নম্বরের গরমিল এবং চাকরি খোঁজার চাপে থাকা তরুণদের মধ্যে ক্ষোভ ক্রমেই বিস্ফোরণে রূপ নিচ্ছে। বিপরীতে জেন-জি প্রজন্মের বিশ্বাস অর্জনে রীতিমতো ‘অগ্নিপরীক্ষা’য় পড়েছে ভারত সরকার।

জেআর