রাস্তা জুড়ে মানুষের ঢল। সবাই এসেছে তাদের প্রিয় শিল্পীকে বিদায় জানাতে। সামিল হয়েছেন কালজয়ী সংগীতশিল্পী আশা ভোঁসলের শবযাত্রায়। সাদা-হলুদ ফুল দিয়ে সাজানো গাড়ি করে নিয়ে যাওয়া হয় তার মরদেহ।
ভক্তদের এই শ্রদ্ধা যাত্রার মধ্যদিয়ে আশা ভোঁসলের মরদেহ আনা হয় শিবাজি পার্কে। ফুল দিয়ে একে একে শ্রদ্ধা জানান সেখানে আসা ব্যক্তিরা। ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাবিস।
এরপর কাঁধে করে নিয়ে যাওয়া হয় এই গুণী শিল্পীর মরদেহ। পুরোহিতদের মুখে বিদায় যাত্রার মন্ত্রপাঠ। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পার্কের শ্মশানভূমিতে শেষ হয় দাহকার্য।
আরও পড়ুন:
এর আগে, শেষ শ্রদ্ধা জানাতে মুম্বাইয়ের বাসভবন প্রভুকুঞ্জ অ্যাপার্টমেন্টে রাখা হয় আশা ভোঁসলের মরদেহ। সোমবার সকাল থেকেই সেখানে জড়ো হতে থাকেন ভক্ত-অনুরাগীরা। জাতীয় পতাকায় মোড়া কফিনে সিক্ত হন ফুলেল শ্রদ্ধায়।
শোকের এই যাত্রায় শ্রদ্ধা জানাতে আসেন সংগীত শিল্পী এ আর রহমান, অভিনেত্রী আশা পারেখ, ক্রিকেটার শচীন টেন্ডুলকার, অভিনেতা গোবিন্দসহ অনেকেই।
৯২ বছর বয়সী আশাজি তার সাত দশকের বেশি দীর্ঘ ক্যারিয়ারে ১২ হাজারের বেশি গান গেয়েছেন। হিন্দির পাশাপাশি ২০টিরও বেশি ভাষায় গান গেয়ে মন জয় করছেন শ্রোতাদের। পেয়েছেন দাদা সাহেব ফালকে ও পদ্মভূষণসহ একাধিক জাতীয় পুরস্কার।





