আজ (শনিবার, ২৮ মার্চ) শাকিব খানের ৪৭তম জন্মদিন, এ উপলক্ষে বেলা ১১টার দিকে প্রকাশ করা হয়েছে নতুন ছবির ফার্স্টলুক।
দীর্ঘদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল শাকিব খানের নতুন প্রজেক্ট নিয়ে। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ‘রকস্টারে’র একটি পোস্টার শেয়ার করেছেন এ শীর্ষ নায়ক।
পোস্টারে একেবারে ভিন্নধর্মী ও রকস্টার লুকে তিনি হাজির হয়েছেন। বয়সটাও বোঝার উপায় নেই। প্রকাশিত পোস্টারে দেখা যায়, পিচঢালা রাস্তার ওপর বসে আছেন এক যুবক, যার পরনে স্লিভলেস কালো টি-শার্ট, ছেঁড়া জিন্স এবং পায়ে লাল রঙের স্নিকার্স।
হাত ও পায়ে অসংখ্য ট্যাটু এবং ঘাড় অবধি লম্বা চুলে তাকে পুরোদস্তুর একজন মিউজিসিয়ানের মতো দেখাচ্ছে। পোস্টারের ওপর বড় অক্ষরে রক্তিম রঙে লেখা সিনেমার নাম ‘রকস্টার।’ মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল ছবিটি।
আরও পড়ুন:
শোনা যাচ্ছে, ছবিতে শাকিবের বিপরীতে সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলাকে দেখা যাবে। আজমান রুশোর গল্পে ‘রকস্টারে’র চিত্রনাট্য করেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। ছবিটি প্রযোজনা করেছে সান কমিউনিকেশন।
শাকিব খানের এ নতুন লুক দেখে ভক্তদের ধারনা, এটি কোনো মিউজিক্যাল ড্রামা বা একজন সংগ্রামরত শিল্পীর জীবন নিয়ে তৈরি চলচ্চিত্র হতে পারে।
ফেসবুকে পোস্টারটি প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন শাকিব খান। ভক্তরা বলছেন, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে নিয়মিত নিজেকে ভেঙে নতুন লুকে হাজির হওয়া কেবল শাকিব খানের পক্ষেই সম্ভব। অনেকেই কমেন্ট বক্সে এই সিনেমাকে ঢাকাই চলচ্চিত্রের জন্য বড় চমক হিসেবে আখ্যা দিয়েছেন।
আসন্ন কোরবানির ঈদ লক্ষ্য করে ২৪ মার্চ থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে দেশটিতে। জানা গেছে, আগামী ২৯ মার্চ পর্যন্ত মালয়েশিয়ার বিভিন্ন লোকেশন টানা চলবে ছবিটির শুটিং, এরপর দেশে ফিরে এপ্রিলের প্রথম সপ্তাহেই ঢাকার বিভিন্ন লোকেশনে হবে দৃশ্যায়ন।
ছবিটির গল্প, নির্মাণশৈলী এবং শাকিব খানের লুক—সব কিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।





