ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন: প্রচারণার শেষ দিনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত

নির্বাচনের আগের দিন রিও ডি জেনিরোতে সমাবেশ করেন বলসোনারোর সমর্থকেরা
নির্বাচনের আগের দিন রিও ডি জেনিরোতে সমাবেশ করেন বলসোনারোর সমর্থকেরা | ছবি: বিবিসি
0

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত পর্ব বা রানঅফ ভোটগ্রহণের আগে শেষ মুহূর্তের প্রচারণায় শক্তি প্রদর্শন করেছেন দুই প্রধান প্রতিদ্বন্দ্বী লুইস ইনাসিও লুলা দা সিলভা ও সিনেটর ফ্লাভিও বলসোনারো। রোববার অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে শেষ মুহূর্তের এক জনমত জরিপে দুই প্রার্থীর মধ্যে তীব্র ও নাটকীয় লড়াইয়ের আভাস মিলেছে। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ব্রাজিলিয়ান সংবাদপত্র ও গ্লোবোর প্রতিবেদনে বলা হয়, শনিবার দেশের প্রধান প্রধান বড় শহরগুলোতে বিশাল নির্বাচনি সমাবেশ করেছেন দুই নেতা। কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরুর আগে নিজেদের ভোটারদের সংগঠিত করতেই শেষ মুহূর্তের এই জোর তৎপরতা চালানো হয়।

ভোটের ঠিক আগের দিন প্রকাশিত এক জরিপে দেখা গেছে, ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৫০ দশমিক ৭ শতাংশ সমর্থন এবং বর্তমান প্রেসিডেন্ট লুলার পক্ষে সমর্থন রয়েছে ৪৯ দশমিক ৩ শতাংশ। জরিপের এই সামান্য ব্যবধান নির্দেশ করছে যে রোববারের ব্যালট লড়াই অত্যন্ত হাড্ডাহাড্ডি হতে চলেছে।

গ্লোবোনিউজের বরাতে জানা যায়, শনিবার রিও ডি জেনিরোতে সমাবেশ শেষ করে সাও পাওলোর নির্বাচনি কর্মসূচিতে অংশ নেন লুলা। অন্যদিকে রিও ডি জেনিরোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বারা দা তিজুকা এলাকায় ব্যাপক প্রচার চালিয়ে ভোটারদের সমর্থন টানার চেষ্টা করেন সিনেটর বলসোনারো।

২০২৩ সালে ক্ষমতায় ফেরা লুলা এবার নিজের অবস্থান ধরে রেখে আরেকটি মেয়াদের জন্য লড়ছেন। তার বিপরীতে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট জায়ার বলসোনারোর ছেলে কট্টর ডানপন্থি সিনেটর ফ্লাভিও বলসোনারো। লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতি ও আঞ্চলিক পরাশক্তি হিসেবে ব্রাজিলের এই নির্বাচনের দিকে গভীর দৃষ্টি রাখছে গোটা অঞ্চল।

এএম