ইউক্রেনে স্টারলিংক সংকট: ড্রোন হামলায় ব্যবহারের জেরে সেবা সীমিত করার কথা জানালেন মাস্ক

ইলন মাস্ক
ইলন মাস্ক | ছবি: সংগৃহীত
0

ইউক্রেনের সামরিক বাহিনী ড্রোন দিয়ে মানুষ হত্যার কাজে স্টারলিংক ব্যবহার করে নীতি লঙ্ঘন করায় ইন্টারনেট সেবা সীমিত করার কথা স্বীকার করেছেন স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। তবে এক সপ্তাহের বেশি সময় ধরে সম্মুখ সমরে অচলাবস্থা তৈরির পর ইউক্রেনে স্টারলিংক ও স্টারশিল্ড স্যাটেলাইটের স্বাভাবিক গতি আবার ফিরিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় ইলন মাস্ক জানান, বেসামরিক বাণিজ্যিক সেবা স্টারলিংককে মানুষ হত্যার উদ্দেশ্যে ড্রোন হামলায় ব্যবহারের কোনো সুযোগ নেই এবং এমন পদক্ষেপ কখনো সমর্থনযোগ্য নয়। ইউক্রেন নীতিমালা ভঙ্গ করে বিধ্বংসী হামলায় এর অপব্যবহার করায় গত সপ্তাহে সেই সুযোগ পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছিল।

সামরিক কাজের জন্য তৈরি বিশেষ স্যাটেলাইট সেবা স্টারশিল্ড প্রসঙ্গে মাস্ক স্পষ্ট করেন, এই ব্যবস্থাটি সরাসরি মার্কিন সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। ফলে সেটির বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নেয়ার সম্পূর্ণ এখতিয়ার ওয়াশিংটনের। ইউক্রেনের প্রতিরক্ষায় স্পেসএক্সের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, যুদ্ধের শুরুর দিনগুলোতে রাশিয়ার যোগাযোগব্যবস্থা আটকে দিয়ে ইউক্রেনকে দখলদারিত্ব থেকে রক্ষা করতে অন্য যেকোনো বেসরকারি প্রতিষ্ঠানের চেয়ে বেশি কাজ করেছে স্পেসএক্স।

ইউক্রেনকে রক্ষার জন্য স্টারলিংক এখনো অত্যন্ত অপরিহার্য উল্লেখ করে মাস্ক জানান, এই নেটওয়ার্ক জ্যাম বা ধ্বংস করা সম্ভব নয়। ফলে কোনো কারণে স্টারলিংক পুরোপুরি বন্ধ হয়ে গেলে ইউক্রেনের সম্মুখ যুদ্ধরেখা মুহূর্তের মধ্যে ধসে পড়বে। এটি কোনো হুমকি নয় বরং একটি বাস্তব সত্য বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে কোনো বাস্তবসম্মত সমাধান ছাড়া যারা অন্তহীন রক্তপাতের উসকানি দিচ্ছে, সেই যুদ্ধবাজদের প্রতি নিজের তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, এক সপ্তাহের বেশি সময় ধরে সম্মুখসারির সামরিক কার্যক্রমে বিঘ্ন ঘটার পর স্টারলিংক ও স্টারশিল্ডের সংযোগ আগের গতিতে সচল হয়েছে। কিয়েভ ও ওয়াশিংটনের মধ্যে সরাসরি আলোচনা এবং জেলেনস্কির সফল কূটনৈতিক তৎপরতায় এই জটিলতার অবসান হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ইয়েভগেনি খমারা। তিনি জানান, ফ্রন্টলাইনের সেনা, সামরিক ড্রোন পরিচালনা, রসদ সরবরাহ ও নিরবচ্ছিন্ন যোগাযোগের জন্য এই সংযোগ ফিরে পাওয়া অত্যন্ত স্বস্তির খবর।

এর আগে স্যাটেলাইট সংযোগের গতি কমিয়ে দেয়ায় অসন্তোষ জানিয়েছিল ইউক্রেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন সেবা কমানোর পেছনে তার কোনো ভূমিকা থাকার কথা অস্বীকার করেন এবং সমস্যা না মিটলে মাস্কের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছিলেন। রুশ ডিজেল আমদানির বিষয়ে মস্কোর সঙ্গে ট্রাম্পের কথিত সমঝোতা নিয়ে ইউক্রেন ক্ষুব্ধ থাকার মধ্যেই স্টারলিংক নিয়ে ওয়াশিংটন ও কিয়েভের সম্পর্কে নতুন করে এই টানাপোড়েন দেখা দেয়।

এএম