রিয়াদ বিমানবন্দর বন্ধের মেয়াদ বাড়লো শনিবার পর্যন্ত

রিয়াদের কিং খালিদ বিমানবন্দর
রিয়াদের কিং খালিদ বিমানবন্দর | ছবি: সংগৃহীত
0

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধের মেয়াদ আগামী শনিবার (১৭ অক্টোবর) পর্যন্ত বাড়ানো হয়েছে। বিমানবন্দরের সুযোগ-সুবিধার নিরাপত্তা নিশ্চিত ও সার্বিক প্রস্তুতি সম্পন্ন করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। রয়টার্সের প্রতিবেদন এ তথ্য উঠেছে।

এর আগে গত শনিবার বিমানবন্দরে ভয়াবহ এক হামলায় ১৩ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হওয়ার পর বিমানবন্দরটির কার্যক্রম স্থগিত করা হয়। এরপর রোববার আরেকটি হামলায় একজন নিহত হন। সোমবার রাতেও রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খামিস মুশাইতের একটি বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি করেছে হুথিরা। তবে সৌদি সামরিক জোট জানিয়েছে, তারা রিয়াদের আকাশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে।

বিমানবন্দরে একের পর এক হামলার কারণে বিশ্বজুড়ে এয়ারলাইনসগুলোর শিডিউলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এভিয়েশন অ্যানালিটিক্স প্রতিষ্ঠান সিরিয়ামের তথ্যমতে, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সামগ্রিকভাবে ফ্লাইট বাতিলের হার দাঁড়িয়েছে ৪৬ দশমিক ৪ শতাংশ। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থাগুলো সৌদি আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে বাণিজ্যিক উড়োজাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে বিশ্বের শীর্ষস্থানীয় একাধিক এয়ারলাইনস সৌদি আরবে তাদের ফ্লাইট স্থগিত করেছে। লুফথানসা আগামী ১৬ অক্টোবর পর্যন্ত এবং এয়ার ফ্রান্স-কেএলএম চলতি মাসের শেষ পর্যন্ত রিয়াদে সব ফ্লাইট বাতিল করেছে। ইতিহাদ এয়ারওয়েজ ১৯ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত রেখেছে এবং কাতার এয়ারওয়েজও রিয়াদ ও দাম্মামে সাময়িকভাবে ফ্লাইট পরিচালনা বন্ধ ঘোষণা করেছে। এছাড়া মার্কিন ডেল্টা এয়ারলাইন্স তাদের নতুন সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা আগামী বছরের মার্চ পর্যন্ত পিছিয়ে দিয়েছে।

এই ধারাবাহিক হামলা সৌদি আরবের অর্থনৈতিক পরিকল্পনা ও ব্যবসা-বাণিজ্যের ওপর বড় ধরনের চাপ তৈরি করেছে। চলতি বছর দেশটির অর্থনীতি বা প্রকৃত জিডিপি ৩ দশমিক ৬ শতাংশ সংকুচিত হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। একই সঙ্গে রিয়াদে চলমান আন্তর্জাতিক জ্বালানি সম্মেলন এবং দেশটির ফ্ল্যাগশিপ বিনিয়োগ সম্মেলনের ওপরও বিমান চলাচলের অচলাবস্থার নেতিবাচক প্রভাব পড়েছে।

এএম