কিয়েভে ১০০টির বেশি রুশ ড্রোন হামলা, তিন সেতুতে যান চলাচল ব্যাহত

কিয়েভে ড্রোন হামলার পর সেতুর কাছে যানজট
কিয়েভে ড্রোন হামলার পর সেতুর কাছে যানজট | ছবি: সংগৃহীত
0

রাশিয়ার রাতভর ড্রোন হামলার পর ইউক্রেনের রাজধানী কিয়েভে দিনিপ্রো নদীর ওপর থাকা তিনটি সেতু আংশিকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। এতে শহরের বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। কিয়েভের মেয়র শুক্রবার এ তথ্য জানিয়েছেন। আশারক আল-আওসাতের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাশিয়ার হামলায় কিয়েভের ছয়টি সড়ক সেতুর মধ্যে তিনটির চলাচল পুরোপুরি বা আংশিক বন্ধ হয়ে যায়। হামলাটি শহরের বাসিন্দাদের দৈনন্দিন জীবন ব্যাহত করার নতুন কৌশল বলে মনে করা হচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাতভর রাশিয়া ইউক্রেনে ১০০টির বেশি ড্রোন ছুড়েছে। এসব হামলা কিয়েভসহ আটটি অঞ্চলে আঘাত হানে। ড্রোনগুলোর প্রায় অর্ধেক ছিল জেটচালিত, যেগুলো ঠেকানো তুলনামূলক কঠিন। কিয়েভের একটি বহুতল আবাসিক ভবনে ড্রোন আঘাতে একজন নিহত হয়েছেন। অন্যত্র আহত হয়েছেন অন্তত চারজন।

এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা জানিয়েছেন, জ্বালানি অবকাঠামো এবং কৃষিপণ্যবাহী জাহাজে হামলা বন্ধে আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, তুরস্ক ও মিসর। প্রস্তাবগুলোতে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো ও রাশিয়ার তেল শোধনাগারে হামলা এবং কৃষিপণ্যবাহী জাহাজে হামলা বন্ধের কথা রয়েছে।

সিবিহা বলেছেন, ইউক্রেন জ্বালানি খাত ও কৃষ্ণসাগরে যুদ্ধবিরতিতে রাজি। তবে দুই ক্ষেত্রেই একসঙ্গে যুদ্ধবিরতি হতে হবে। একই সঙ্গে সম্মুখসারিতে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবও পুনর্ব্যক্ত করেছে কিয়েভ। মস্কো অবশ্য অস্থায়ী যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ শান্তিচুক্তির পক্ষে অবস্থান নিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর রাশিয়ার বিভিন্ন অঞ্চল, দখলকৃত ক্রিমিয়া, আজভ সাগর ও কৃষ্ণসাগরের ওপর ৬৪৬টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ভলগোগ্রাদ অঞ্চলে হামলায় একজন আহত হয়েছেন।

এদিকে ইউক্রেনের দাবি, রাশিয়ার হাতে প্রায় ৬০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে এবং প্রতি মাসে আরও ১৪০টি তৈরি করতে পারে। রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবিলায় ইউক্রেন প্রায় ৩০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়েছে মিত্রদের কাছে।

এএম