ফ্লাইদুবাইয়ের ঘটনায় ইরানের সম্পৃক্ততা নিয়ে বলার সময় আসেনি, জানালেন নেতানিয়াহু

বেনইয়ামিন নেতানিয়াহু
বেনইয়ামিন নেতানিয়াহু | ছবি: র‍য়টার্স
0

দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের ফ্লাইটে হামলার ঘটনায় ইরানের কোনো সম্পৃক্ততা আছে কি না, তা বলার সময় এখনো আসেনি বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত বুধবার যাত্রার দুই ঘণ্টা পর বিমানটি ১৭ হাজার ফুটের (৫,২০০ মিটার) বেশি নিচে নেমে যায়। এরপর যাত্রী ও ক্রুরা মিলে হামলাকারীকে পরাস্ত করে বিমানের নিয়ন্ত্রণ নেন এবং নিরাপদে অবতরণ করান।

আহত পাইলট ভারতীয় নাগরিক ক্যাপ্টেন স্মিথ মছার হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা স্থিতিশীল। প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাকে ‘প্রকৃত হিরো’ বলে প্রশংসা করেছেন। ইয়ানিভ হায়ুন নামের এক যাত্রী জানান, বিমান বিকল করার চেষ্টাকারী ওই হামলাকারীকে তিনি শ্বাসরোধ করে ধরেন। পরে অন্য যাত্রীরা তাকে আটকে রাখতে সাহায্য করেন।

ফক্স নিউজকে নেতানিয়াহু বলেন, সৌদি আরবে গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন হামলাকারীকে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) হস্তান্তর করা হতে পারে। যেখান থেকে ফ্লাইটটি যাত্রা শুরু করেছিল। বৃহস্পতিবার ইউএইর প্রধান কৌঁসুলি জানান, এই ঘটনার সঙ্গে ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের কোনো যোগসূত্র আছে কি না, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও পাইলট স্মিথ মছারের বীরত্বের প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন, ‘চরম বিপদের মুখে এবং গুরুতর আহত হওয়া সত্ত্বেও তিনি অন্যদের জীবন বাঁচাতে অসীম সাহস ও দৃঢ় সংকল্প দেখিয়েছেন।’

ইসরাইলি প্রধানমন্ত্রীও এক্সে লেখেন, ‘গুরুতর আহত হওয়া সত্ত্বেও তিনি লড়াই করেছেন, ককপিটের দরজা খুলে দিয়েছেন এবং যাত্রী ও ক্রুদের হামলাকারীকে পরাস্ত করার সুযোগ করে দিয়েছেন।’

ইসরাইলের প্রেসিডেন্ট ইসহাক হারজগ বিবিসিকে বলেন, এটি ছিল একসঙ্গে কাজ করা সহনশীল মানুষের এক বিস্ময়কর ও বীরত্বপূর্ণ ঘটনা।

নেতানিয়াহু সিএনএনকে জানান, ১৭৪ জন আরোহী নিয়ে ইসরাইলগামী এই ফ্লাইটের ঘটনা সম্পর্কে আগে থেকে তাদের কাছে কোনো গোয়েন্দা তথ্য ছিল না। বিবিসি অ্যারাবিককে ইসরাইলি একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে হামলাকারীর উদ্দেশ্য ছিল বিমানটি বিধ্বস্ত করা। ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের নেতৃত্বে এই তদন্ত চলছে।

ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটটি ইউএইর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রিনিচ মান সময় ভোর ৩টা ৫ মিনিটে উড্ডয়ন করে। দুই ঘণ্টা পর ফ্লাইটরাডার২৪-এ বিমানটির ১৭ হাজার ফুট নিচে নেমে যাওয়ার তথ্য দেখা যায়। এর কয়েক মিনিট পর বিমানটি জরুরি সংকেত বা স্কোয়াক ৭৭০০ পাঠায় এবং পরে তা পরিবর্তন করে ছিনতাইয়ের সংকেত স্কোয়াক ৭৫০০ পাঠায়। সৌদি আরবে অবতরণের জন্য ম্যানুয়াল ডিসেন্ট শুরুর পর সংকেতটি আবার ৭৭০০-তে ফিরে যায়।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এটিকে ‘জিহাদি সন্ত্রাসী হামলার চেষ্টা’ বলে আখ্যা দিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, হামলাকারী ‘হয়তো একজন সন্ত্রাসী’ হতে পারে।

কান নিউজকে জভিকা মেনেজ নামের আরেক যাত্রী জানান, তারা হামলাকারীকে তার নিজস্ব জিপ টাই ও মাল্টিমিডিয়া হেডফোন দিয়ে বেঁধে ফেলেন। বুধবার আরেক ফ্লাইটে যাত্রীদের তেল আবিবে নেয়া হয়। সেখানে গান গেয়ে ও পতাকা উড়িয়ে তাদের স্বাগত জানানো হয়।

ফ্লাইদুবাই জানিয়েছে, তদন্ত চলাকালে ইসরাইলে তাদের সব ফ্লাইট স্থগিত থাকবে। বিমানটিকে নিরাপদে তাবুক বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে বলেও জানিয়েছে তারা।

এএম