স্ত্রীর মৃত্যুর পর অসুস্থ হয়ে হাসপাতালে মাহাথির মোহাম্মদ, অবস্থা স্থিতিশীল

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ | ছবি: সংগৃহীত
0

সাত দশকের জীবনসঙ্গী স্ত্রীর মৃত্যুর পর শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। পর্যবেক্ষণে রাখার জন্য ১০১ বছর বয়সী এই প্রবীণ নেতাকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। জাকার্তা পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

গতকাল (মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর) রাতে তাকে হাসপাতালে নেয়া হয় বলে জানিয়েছেন তার সহকারী সুফি ইউসুফ। তিনি জানান, চিকিৎসকদের আনুষ্ঠানিক পরীক্ষার প্রতিবেদন পাওয়ার আগপর্যন্ত হাসপাতালে ভর্তির সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে গত সোমবার স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলীর মৃত্যুর পর থেকে মাহাথির পর্যাপ্ত বিশ্রাম পাননি এবং প্রচণ্ড ক্লান্তিবোধ করছিলেন।

মাহাথিরের বর্তমান অবস্থা সম্পর্কে সুফি ইউসুফ বলেন, ‘তার অবস্থা এখন স্থিতিশীল।’ তিনি আরও বলেন, ‘মানসিক শোক, অতিরিক্ত গরম ও বিশ্রামের অভাবের কারণেই তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। ১০১ বছর বয়সে কারও জন্য এমন পরিস্থিতি মোটেই ভালো কিছু নয়।’

মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ পেশায় একজন চিকিৎসক ও জনস্বাস্থ্য অধিকারকর্মী ছিলেন। ১০০ বছর বয়সে তার মৃত্যু হয়। এই দম্পতির সাত সন্তান রয়েছে। স্ত্রীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত মাহাথিরকে শেষকৃত্যের সময় অশ্রুসজল চোখে দেশটির সাবেক রাজাকে বলতে শোনা যায়, ‘তিনি আজই মারা যাবেন, তা আমি ভাবতে পারিনি।’

সাম্প্রতিক বছরগুলোতে মাহাথির হৃদরোগজনিত নানা জটিলতায় ভুগেছেন এবং তার বাইপাস সার্জারিও করাতে হয়েছে। বার্ধক্যজনিত কারণে তাকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এর আগে গত জানুয়ারি মাসে পড়ে গিয়ে তার নিতম্বের হাড় ভেঙে যায়।

বিশ্বের সবচেয়ে প্রবীণ সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালনকারী মাহাথির দুই দফায় মালয়েশিয়ার নেতৃত্ব দিয়েছেন। তিনি প্রথমে দেশটির চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর ৯২ বছর বয়সে ২০১৮ সালে দ্বিতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী হন এবং ২০২০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

এএম