গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনে ইসরাইলি হামলা, নিহত অন্তত ৭

তাল আল-হাওয়ায় ইসরাইলি হামলার পর এক নিহত ব্যক্তির মরদেহ বহন করছেন চিকিৎসাকর্মীরা
তাল আল-হাওয়ায় ইসরাইলি হামলার পর এক নিহত ব্যক্তির মরদেহ বহন করছেন চিকিৎসাকর্মীরা | ছবি: সংগৃহীত
0

গাজায় প্রায় এক বছর ধরে চলা যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইলি হামলায় অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জনের বেশি মানুষ। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত বুধবার গাজা সিটির দক্ষিণ-পশ্চিমে তাল আল-হাওয়া এলাকায় একটি যাত্রীবাহী ভ্যানে ইসরাইলি ড্রোন হামলায় ছয়জন নিহত হন বলে প্রত্যক্ষদর্শী ও চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন।

অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা পরিচালনাকারী সংস্থা ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, তাদের উদ্ধারকর্মীরা ভ্যানটিতে হামলার ঘটনায় আহত ১৩ জনকে আল-কুদস হাসপাতালে নিয়ে গেছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, আহত ব্যক্তিদের আঘাত অত্যন্ত গুরুতর।

গাজা সিটি থেকে আল জাজিরার সংবাদদাতা হিন্দ খুদারি জানান, বছরের পর বছর ধরে চলা ইসরাইলি হামলা ও অবরুদ্ধ অবস্থার কারণে গাজার স্বাস্থ্যব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ফলে চিকিৎসকদের পক্ষে আহতদের জীবন বাঁচানো কঠিন হয়ে পড়েছে। আগামী কয়েক ঘণ্টায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এর আগে ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানায়, গাজা সিটির আল-শিফা হাসপাতালের কাছে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরাইলি হামলায় অন্তত এক নারী নিহত হন।

এছাড়া দক্ষিণ গাজায় বাস্তুচ্যুত মানুষের একটি আশ্রয়শিবিরে ইসরাইলি ড্রোন হামলায় দুই শিশুসহ চার ফিলিস্তিনি আহত হয়েছেন। মধ্য গাজার দেইর এল-বালাহ এলাকায় ইসরাইলি বাহিনীর হামলায় আরও দুই ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন এবং দক্ষিণ খান ইউনিস এলাকায় ইসরাইলি ট্যাংকের গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালে নতুন করে ৯ জনের মরদেহ এসেছে। গত বছরের অক্টোবরে তথাকথিত যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩১ জন নিহত ও ৫ হাজার ২৬ জন আহত হয়েছেন।

যুদ্ধ পরিস্থিতির বিবরণ দিয়ে হিন্দ খুদারি বলেন, ‘গাজায় একটি যুদ্ধবিরতি চলার কথা থাকলেও ইসরাইলি সেনাবাহিনীর সহিংসতা থামছে না। প্রতিদিন ফিলিস্তিনিরা নিহত ও আহত হচ্ছেন এবং মানবিক পরিস্থিতির দিন দিন অবনতি ঘটছে।’ তিনি আরও বলেন, ‘গাজার প্রত্যেকেই এখন সুপারমার্কেটে যেতে, শিশুদের স্কুলে নিয়ে যেতে এবং স্বাভাবিক জীবনযাপন করতে ভয় পাচ্ছেন।’

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের চলমান হামলায় এ পর্যন্ত অন্তত ৭৪ হাজার ৩২ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজার ১৪২ জন আহত হয়েছেন।

জাতিসংঘের স্যাটেলাইট সেন্টারের গত আগস্টের এক বিশ্লেষণে দেখা গেছে, তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ধ্বংস হওয়া স্থাপনার সংখ্যা ৯ শতাংশ বেড়েছে। সব মিলিয়ে যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত গাজার প্রায় ৮২ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

এএম