জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, ড্রোন দুটি প্রতিহত ও ধ্বংস করার পাশাপাশি দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইত লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করা হয়েছে। তবে এসব ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নিশ্চিত করেননি তিনি। হামলার আশঙ্কায় এর আগে দেশটির আবহা ও খামিস মুশাইতসহ কয়েকটি অঞ্চলে সংক্ষিপ্ত নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।
ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত পশ্চিমাঞ্চলীয় এলাকা থেকে সৌদি রাজধানী রিয়াদের দূরত্ব প্রায় ৮৫০ কিলোমিটার। এর আগে গত বৃহস্পতিবারও হুথিদের ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছিল সৌদি সামরিক বাহিনী। প্রায় ১০ দিন আগেও মক্কা নগরী লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলার দাবি করেছিল জোট, যা হুথিরা অস্বীকার করে।
ইয়েমেন যুদ্ধ নতুন করে তীব্র হওয়ার প্রেক্ষাপটে সৌদি আরবে হামলা জোরদার করেছে ইরান সমর্থিত হুথিরা। সম্প্রতি জ্বালানি স্থাপনা ও প্রধান পাইপলাইনে হামলার পাশাপাশি কৌশলগত বাব-এল-মান্দেব প্রণালি দিয়ে সৌদি তেলবাহী ট্যাংকার চলাচল বাধাগ্রস্ত করারও চেষ্টা করছে গোষ্ঠীটি।





