রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন; ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কির ঘোষণা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: এএফপি
0

নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সঙ্গে পৃথক বৈঠকের পর রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় ‘জ্বালানি যুদ্ধবিরতিতে’ প্রস্তুত বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে একই সঙ্গে তার দেশে রাশিয়া খুব শিগগির নতুন করে বড় ধরনের হামলা চালাতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ৪০ মিনিটের বৈঠক করেন জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে বৈঠকটিকে ইতিবাচক ও গঠনমূলক হিসেবে বর্ণনা করে জেলেনস্কি জানান, শীত শুরু হওয়ার আগেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান চায় উভয় দেশই।

নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলেনস্কি স্পষ্ট করেন, রাশিয়া যদি ইউক্রেনের বিদ্যুৎ, জ্বালানি ও পানি সরবরাহ ব্যবস্থায় হামলা বন্ধ করে, তবে ইউক্রেনও রাশিয়ার তেল শোধনাগার ও ডিজেল উৎপাদন কেন্দ্রে হামলা চালানো বন্ধ করতে তৈরি। তবে ইউক্রেন একপাক্ষিকভাবে হামলা বন্ধ করবে—এমন কোনো বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়নি বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্রে সামনে মধ্যবর্তী নির্বাচন থাকায় বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে চাপে রয়েছেন ট্রাম্প। সম্প্রতি ইউক্রেনীয় হামলায় রাশিয়ার তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় বিশ্বজুড়ে ডিজেলের দাম বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। ট্রাম্প জানান, উভয় দেশের মধ্যে জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের সম্ভাব্য উপায় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সঙ্গে বৈঠকের পর টেলিগ্রামে এক পোস্টে জেলেনস্কি জানান, ইউক্রেনে রাশিয়া নতুন একটি ‘ব্যাপক হামলার’ প্রস্তুতি নিচ্ছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। তিনি আরও বলেন, ইউক্রেনীয়রা যেখানে প্রতিদিন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকিতে দিন কাটাচ্ছে, সেখানে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার কোনো সুযোগ নেই।

আগামী শীতে ইউক্রেনের তাপ উৎপাদন ও বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সম্ভাব্য রুশ হামলা মোকাবিলায় ট্রাম্পের কাছে অতিরিক্ত ‘পেট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র চেয়েছেন জেলেনস্কি। ইউক্রেনকে পেট্রিয়ট সরবরাহের বদলে জার্মানির সঙ্গে ইউক্রেনের ২০২৭ ও ২০২৮ সালের চুক্তির আওতায় প্রাপ্য ৬০০টি পেট্রিয়টের ভবিষ্যৎ সরবরাহ যুক্তরাষ্ট্রকে হস্তান্তরের প্রস্তাবও দেন তিনি। ট্রাম্প প্রস্তাবটি সরাসরি নাকচ না করলেও এতে এখনও সায় দেননি বলে জানান জেলেনস্কি।

এএম