কয়েক মাস ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দূরপাল্লার হামলা তীব্রতর হয়েছে। কারখানা, গুদাম, জ্বালানি ও বন্দর অবকাঠামোসহ ক্রমবর্ধমান সংখ্যক বেসামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। কৃষ্ণসাগরে থাকা জাহাজও হামলার লক্ষ্যবস্তু হচ্ছে।
দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর ওলেক্সান্দর ঘানঝা মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় টেলিগ্রামে বলেন, ‘শত্রুপক্ষ ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গোলাবারুদ দিয়ে এই অঞ্চলের চারটি জেলায় হামলা চালিয়েছে।’
তিনি বলেন, ‘দিনিপ্রোতে কয়েকটি গুদাম ও একটি ব্যবসাপ্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুইজন নিহত হয়েছেন।’ হামলায় আরও ছয়জন আহত হয়েছেন বলেও তিনি জানান।
তিনি বলেন, ‘২৫ বছর বয়সী এক যুবককে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৩৫, ৪৬ ও ৪৭ বছর বয়সী তিনজন পুরুষ এবং ৫১ বছর বয়সী এক নারীকে মাঝারি অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। ৫৭ বছর বয়সী এক ব্যক্তি বহির্বিভাগে চিকিৎসা নেবেন।’
কর্তৃপক্ষ জানিয়েছে, ওই অঞ্চলের ক্রিভি রিহ ও পাভলোহরাদ শহরের শিল্পস্থাপনাগুলোও হামলার লক্ষ্য ছিল।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মঙ্গলবার নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠক হওয়ার কথা রয়েছে বলে এএফপিকে একটি সূত্র জানিয়েছে। ইউক্রেনের যুদ্ধ বন্ধে কূটনৈতিক মধ্যস্থতার প্রচেষ্টা আবার শুরু করেছে ওয়াশিংটন।





