ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াল্লার এক প্রতিবেদনে জানানো হয়, ইসরাইলি কর্মকর্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কাছে এমন কিছু অস্ত্র ও উন্নত প্রযুক্তি অনুমোদনের অনুরোধ জানাবেন, যা ওয়াশিংটন আগে দিতে অস্বীকৃতি জানিয়েছিল। এর মধ্যে রয়েছে মহাকাশভিত্তিক অস্ত্র, ইন্টারসেপ্টর যুদ্ধবিমান তৈরির সহায়তা এবং পাহাড়ের গভীরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম শক্তিশালী বাংকার-ব্লাস্টিং সামরিক সরঞ্জাম।
সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তর সৌদি আরবের কাছে ২ হাজার ৪৩০ কোটি (২৪.৩ বিলিয়ন) ডলার মূল্যের ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান এবং ৪৯টি ইঞ্জিন বিক্রির সম্ভাব্য প্রস্তাবে সায় দিয়েছে। প্রস্তাবিত এই সামরিক চুক্তিতে যোগাযোগের আধুনিক সরঞ্জাম, সাইবার নিরাপত্তা ও ইলেকট্রনিক যুদ্ধকৌশল সহায়তাও অন্তর্ভুক্ত রয়েছে। তবে চুক্তিটি চূড়ান্ত হতে মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। চুক্তিটি বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে ইসরাইলের পর প্রথম কোনো আরব দেশ হিসেবে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান পাবে সৌদি আরব।
মার্কিন আইনের বাধ্যবাধকতা অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ইসরাইলের ‘গুণগত সামরিক শ্রেষ্ঠত্ব’ বজায় রাখা ওয়াশিংটনের দীর্ঘদিনের নীতি। কিন্তু সৌদির হাতে এফ-৩৫ যুদ্ধবিমান যাওয়ার সুযোগ তৈরি হওয়ায় অঞ্চলটিতে সামরিক ভারসাম্যের যে পরিবর্তন হতে যাচ্ছে, তা সামাল দিতেই আমেরিকার ওপর চাপ সৃষ্টি করে বাড়তি প্রতিরক্ষা প্রযুক্তি ও অস্ত্র বাগিয়ে নিতে চাইছে ইসরাইল।
সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরব ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। হুথিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূল ও বাব-এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়ায় রিয়াদের আকাশ ও নৌপ্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে জোর দিচ্ছে মার্কিন প্রশাসন।





