২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করার পর এটিই রাশিয়ায় প্রথম স্টেট দুমা (পার্লামেন্ট) নির্বাচন। ক্রেমলিন নিয়ন্ত্রিত এই নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়ার জয় পাওয়ার বিষয়টি অনেকটাই নিশ্চিত। নির্বাচনের আগে আদালতের নির্দেশে ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করা প্রধান বিরোধী দল লিবারেল ইয়াবলকো পার্টিকে দলীয় তালিকা থেকে বাদ দেয়া হয়। তবে তাদের কিছু প্রার্থী একক আসনে এখনো লড়ছেন।
রুশ সিইসির প্রধান এলা পামফিলোভা জানান, মস্কোর অনলাইন ভোটিং সিস্টেমে রাতভর শক্তিশালী সাইবার হামলা চালানো হয়েছে। এছাড়া দেশটির দূরপ্রাচ্যের যোগাযোগ নেটওয়ার্ক সাবোটাজ করার একটি চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিজিটাল মন্ত্রণালয়। এর আগে কোনো প্রমাণ প্রকাশ না করেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নির্বাচনে হস্তক্ষেপ করার জন্য ইউক্রেনকে দায়ী করেছিলেন।
সিইসির তথ্যানুযায়ী, স্থানীয় সময় শনিবার দুপুর দুইটা পর্যন্ত দেশজুড়ে ৩২ দশমিক ৫৮ শতাংশ ভোট পড়েছে। অন্যদিকে মলদোভা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া প্রবাসি রুশ অধ্যুষিত এলাকা ট্রান্সনিস্ট্রিয়ায় ক্রেমলিন কর্তৃক ১৫টি নতুন ভোটকেন্দ্র খোলার পদক্ষেপকে কেন্দ্র করে মলদোভা সরকারের সঙ্গে মস্কোর নতুন কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে।





