কিয়েভের পেট্রোল পাম্পে রুশ ড্রোন হামলা, সতর্ক ন্যাটো

একটি অ্যাপার্টমেন্ট ভবনের ঘটনাস্থলে কাজ করছেন দমকলকর্মীরা
একটি অ্যাপার্টমেন্ট ভবনের ঘটনাস্থলে কাজ করছেন দমকলকর্মীরা | ছবি: সংগৃহীত
0

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই রাজধানী কিয়েভের একটি পেট্রোল পাম্প ও গুদামে ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। মঙ্গলবার ভোরের এ হামলায় অন্তত একজন আহত হয়েছেন। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এ তথ্য জানিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য ঊঠে এসেছে।

ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও পেট্রোল পাম্প লক্ষ্য করে সম্প্রতি রাশিয়া হামলা জোরদার করেছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষের মতে, সাম্প্রতিক মাসগুলোতে যুদ্ধের ফ্রন্টলাইন সংলগ্ন এলাকাগুলোর প্রায় ৩০০টি পেট্রোল পাম্পে হামলা চালিয়েছে মস্কো। পাল্টা ব্যবস্থা হিসেবে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় রাশিয়ার তাগানরোগ শহরে একটি অনলাইন বিপণন প্রতিষ্ঠানের গুদাম এবং সামারা অঞ্চলের একটি শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিয়েভে হামলার সময় সম্ভাব্য ঝুঁকি এড়াতে প্রতিবেশী পোল্যান্ড সতর্কতামূলক সামরিক উড্ডয়ন পরিচালনা করে। এছাড়া ন্যাটোর অপর সদস্যদেশ লিথুয়ানিয়ার আকাশসীমায় প্রবেশ করা একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে দেশটি।

এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ইউক্রেন ও রাশিয়া একে অপরের জ্বালানি অবকাঠামোয় হামলা না চালানোর বিষয়ে সম্মত হয়েছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ওয়াশিংটন যদি রাশিয়ার হামলা সম্পূর্ণ বন্ধের নিশ্চায়তা দিতে পারে, তবেই কিয়েভ এই প্রস্তাব সমর্থন করবে।

এএম