ডালাসের সম্মেলনে আবেগঘন কণ্ঠে ট্রাম্প উপস্থিত জনতাকে দিয়ে বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্টকে শপথ করে বলছি... আমি আমার বন্ধু ও পরিবারকে নিয়ে আগামী ৩ নভেম্বর ভোট দেব। নির্বাচনে কীভাবে ভোট আদায় করতে হয় তা আমরা জানি।’ ডেমোক্র্যাটদের দিকে ইঙ্গিত করে তিনি নির্বাচনে অসদুপায় অবলম্বনের অভিযোগও পুনর্ব্যক্ত করেন।
নিজের গত ১৯ মাসের শাসনকালের সাফল্য তুলে ধরে ট্রাম্প দাবি করেন, তিনি প্রতিশ্রুতি অনুযায়ী যুক্তরাষ্ট্রকে এক স্বর্ণযুগে রূপান্তর করেছেন। শেয়ারবাজারের সমৃদ্ধি, কম দামে ওষুধ সরবরাহ এবং সেনাবাহিনীতে রেকর্ড বরাদ্দের মধ্য দিয়ে ওয়াশিংটনকে সামরিক ও জ্বালানি শক্তিতে শীর্ষে নিয়ে যাওয়ার কৃতিত্ব দাবি করেন তিনি। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রায় শূন্যে নামিয়ে আনা এবং কর কমানোর বিষয়গুলোও তুলে ধরেন ট্রাম্প।
ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রে ক্ষমতাসীন দলের প্রার্থীরা মধ্যবর্তী নির্বাচনে তুলনামূলক খারাপ ফল করলেও ট্রাম্প প্রতিনিধি পরিষদ ও সেনেটে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখার বিষয়ে দৃঢ় আশা প্রকাশ করেন। ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে অর্থনৈতিক বিপর্যয় নেমে আসবে বলে সমর্থকদের সতর্ক করেন তিনি।
ট্রাম্পের বক্তব্যের আগে দেয়া বক্তব্যে একই আহ্বান জানান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, ছোটখাটো নীতিগত পার্থক্যের কারণে ডেমোক্র্যাটদের হাতে ক্ষমতা ছেড়ে দেয়া যাবে না। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের উত্তরাধিকারী হিসেবে ভ্যান্সের অবস্থানকে আরও সুসংহত করতেই এই ইভেন্ট ব্যবহার করা হয়েছে বলে মনে করছেন মার্কিন বিশ্লেষকেরা।





