ফক্স নিউজের সঞ্চালক লরা ইনগ্রাহামের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি অনুতাপ শব্দটিতে বিশ্বাস করেন না। আবার একই পরিস্থিতি হলে কী করতেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঠিক যেভাবে করেছেন, সেভাবেই করতেন।
ইরান যুদ্ধ নিয়ে তার কিছু সমর্থক হতাশ বা মনোবল হারিয়েছেনএমন ধারণাও নাকচ করেন ট্রাম্প। তিনি বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়ায় তাঁর সমর্থকেরা বরং গর্বিত।
ট্রাম্প আরও বলেন, মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে। বুধবারও তিনি একই ধরনের মন্তব্য করেছিলেন। তেহরান মার্কিন নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
আগামী নির্বাচনের আগে ইরানের বিরুদ্ধে যুদ্ধে তেল ও গ্যাসের দাম বেড়ে যাওয়ায় বিষয়টি রিপাবলিকানদের জন্য বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। এই নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকান পার্টির হাতে থাকবে কি না, তা নির্ধারিত হবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালায়। জবাবে ইরান ইসরাইল ও উপসাগরীয় কয়েকটি দেশে হামলা চালায়, যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরানে এবং ইসরাইলের লেবাননে হামলায় হাজারো মানুষ নিহত ও লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
ট্রাম্প ইরানের পারমাণবিক সক্ষমতা দুর্বল করাকে যুদ্ধের অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন। তবে ইরানের পারমাণবিক অস্ত্র নেই। তেহরান বলে আসছে, দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রধারী দেশ।





