সিরিক ও কেশম দ্বীপে ফের ক্ষেপণাস্ত্র হামলা: মার্কিন ঘাঁটিতে আঘাতের দাবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: রয়টার্স
0

ইরানের সিরিক এলাকার বেশ কয়েকটি জায়গায় শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে তেহরান। এছাড়া, মিনাব ও কেশম দ্বীপসহ উপকূলীয় অঞ্চলজুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ট্রাম্পের দাবি, নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধের অবসান ঘটবে। তবে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল মেয়াদের শেষ পর্যন্ত সংঘাত দীর্ঘায়িত হতে পারে। এদিকে, নতুন করে পাল্টাপাল্টি হামলার জেরে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে।

মধ্যপ্রাচ্য উত্তেজনা নতুন করে চরম আকার ধারণ করেছে। ইরানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় আবারও ব্যাপক হামলার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোরে কৌশলগত সিরিক এলাকার বেশ কয়েকটি জায়গায় আঘাত হেনেছে একের পর এক ক্ষেপণাস্ত্র। এছাড়াও, মিনাব ও কেশম দ্বীপসহ উপকূলীয় অঞ্চলে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তবে কারা এই হামলা চালিয়েছে তা স্পষ্ট করেনি ইরান।

যুদ্ধ শুরুর পর গেল বুধবার তাদের নৌযান ও ট্যাংকারে সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। যদিও যুক্তরাষ্ট্রের দুটি ডেস্ট্রোয়ার ধ্বংস করার আইআরজিসির দাবি প্রত্যাখ্যান করে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এটি সম্পূর্ণ মিথ্যা তথ্য। এদিকে ইরানের হামলায় জর্ডানের সামরিক ঘাঁটির ৮টি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। আর জর্ডানের সশস্ত্র বাহিনী বলছে, ২০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি তারা প্রতিহত করতে সক্ষম হয়েছে।

দুই পক্ষের নতুন করে পাল্টাপাল্টি হামলার মধ্যেই ট্রাম্প দাবি করেন, আগামী নভেম্বরে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনের পরই অবসান ঘটবে ইরান যুদ্ধের। তার মতে, নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে ইরান। তবে মার্কিন নিষেধাজ্ঞার চাপে তেহরানের অর্থনীতি টিকে থাকতে পারবে না।

মার্কিন শীর্ষ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল মেয়াদের শেষ পর্যন্ত ইরান যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ হোয়াইট হাউজের উপদেষ্টারা এ বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন। ২০২৯ সালের পরও এই সংঘাত অব্যাহত থাকতে পারে।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পারস্পরিক আস্থা বৃদ্ধি, টেকসই নিরাপত্তা নিশ্চিত ও অর্থনৈতিক অগ্রগতি নিতে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত তেহরান। ওমান ও পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ইরান। যেখানে কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ থাকবে না। আর তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে যেকোনো জাহাজ প্রবেশ করলে তা নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

হরমুজ প্রণালির ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। বেসামরিক নাগরিক ও বিশ্ব অর্থনীতির সম্ভাব্য গুরুতর পরিণতির বিষয়ে সতর্ক করে সংস্থাটি বলেছে, আন্তর্জাতিক আইন মেনে হরমুজ প্রণালিতে নৌচলাচলের অধিকার ও স্বাধীনতা রক্ষা করতে হবে।

ইরান-যুক্তরাষ্ট্রের নতুন করে পাল্টাপাল্টি হামলার জেরে বিশ্ব বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। যা গেল মে মাসের পর সর্বোচ্চ। একদিনের ব্যবধানে তেলের দাম বেড়েছে প্রায় সাড়ে ৩ শতাংশ।

ইএ