উরসুলা ভন ডার লিয়েন বলেন, ‘পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার জন্য অতিজরুরি সরঞ্জাম কেনায় ইউক্রেনকে ছাড় দেওয়ার সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই।’ তিনি জানান, ইউক্রেনকে দেওয়া সহায়তা ঋণের পরবর্তী কিস্তির ৩২০ কোটি ইউরো (৩৭০ কোটি ডলার) দেওয়া হবে, যা রাশিয়ার আক্রমণ থেকে কিয়েভকে তাদের আকাশসীমা আরও ভালোভাবে রক্ষা করতে সাহায্য করবে। এর আগে একই তহবিলের আওতায় আকাশ প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে ৮৪০ কোটি ইউরো পেয়েছে ইউক্রেন।
সাধারণ নিয়ম অনুযায়ী ইইউর ৯০ বিলিয়ন ইউরো ঋণের বেশিরভাগ অর্থ ইউরোপে তৈরি অস্ত্র কেনায় ব্যয় করার কথা। তবে রাশিয়ার রকেট ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইউক্রেন প্রধানত মার্কিন পেট্রিয়ট ব্যবস্থার ওপর নির্ভর করায় এবং ক্ষেপণাস্ত্রের ঘাটতি দেখা দেওয়ায় এই বিশেষ ছাড় দেওয়া হলো।
ইইউর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, ‘ইউক্রেনকে সহায়তায় ন্যাটো ও ইইউ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে। এর মাধ্যমে ইউরোপ আবারও নিজের দায়িত্বশীলতার পরিচয় দিল।’
এদিকে কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে সম্প্রতি বিমান হামলা জোরদার করেছে মস্কো। কিয়েভের মেয়রের তথ্য অনুযায়ী, সর্বশেষ নৈশকালীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন।





