মুন্সিগঞ্জে সহপাঠীর ঝগড়া: শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে আছাড়, আটক অভিভাবক

শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে আছাড়
শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে আছাড় | ছবি: এখন টিভি
0

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে মারধর ও একাধিকবার আছাড় দেয়ার অভিযোগে আরেক শিক্ষার্থীর অভিভাবককে আটক করেছে পুলিশ।

আজ (বৃহস্পতিবার, ১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম নাহিদ শেখ (৩৫)। তিনি উপজেলার পূর্ব রাজদিয়া গ্রামের মৃত আব্দুর জব্বার শেখের ছেলে।

পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রস্তুতিমূলক কুচকাওয়াজ শেষে শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণির শ্রেণিকক্ষে অবস্থান করছিল। আগের দিন দুই শিক্ষার্থীর মধ্যে ঝগড়ার ঘটনা ঘটে।

এ নিয়ে নিজের ছেলে আতিকুর রহমানকে মারধরের সন্দেহে তার বাবা নাহিদ শেখ বৃহস্পতিবার বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রবেশ করেন। পরে তিনি একই শ্রেণির শিক্ষার্থী হাবিবকে ধরে শ্রেণিকক্ষের ভেতর তিনবার আছাড় দেন।

এ সময় শ্রেণিকক্ষে থাকা অন্যান্য শিক্ষার্থীরা ভয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করলে বিদ্যালয়ের শিক্ষকরা সেখানে ছুটে আসেন। পরে প্রধান শিক্ষক নাহিদ শেখকে তার কক্ষে নিয়ে যান এবং ঘটনাটি পুলিশকে জানান।

এরপর খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ বিদ্যালয়ে গিয়ে নাহিদ শেখকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‘অভিযুক্ত অভিভাবককে আটক করে থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।’

এছাড়া বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হওয়ায় সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এফএস