ফ্লাইদুবাই ইস্যুতে সরকারকে দায়িত্বজ্ঞানহীন বললেন বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিড

ইসরাইল বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিড
ইসরাইল বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিড | ছবি: সংগৃহীত
0

ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানের ককপিটে চালকদের সংঘাতের পর সৌদি আরবে জরুরি অবতরণের ঘটনাকে কেন্দ্র করে ইসরাইল সরকার ‘সস্তা রাজনীতি’ করছে বলে অভিযোগ তুলেছেন দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিড। জাতীয় নিরাপত্তার তোয়াক্কা না করে সরকার দলীয় সুবিধার্থে বিষয়টিকে ব্যবহার করছে বলে ক্ষোভ জানান তিনি।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইয়ার ল্যাপিড প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর পক্ষ থেকে দেওয়া আগের রাতের নিরাপত্তা ব্রিফিংয়ের তথ্য টেনে আনেন। তিনি জানান, আগের রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে নিরাপত্তা ব্রিফিংকালে সকালে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার ন্যূনতম কোনো তথ্য বা ইঙ্গিত ছিল না।

ইয়ার ল্যাপিড বলেন, ‘যেসব কথা এখন ছড়ানো হচ্ছে, তাতে আবার প্রমাণ হলো—তারা ইসরাইলের নিরাপত্তাকে বিকিয়ে দিয়ে সস্তা রাজনীতি করার চেষ্টা করছে। এটি সম্পূর্ণ একটি দায়িত্বজ্ঞানহীন গোষ্ঠী।’

ঘটনার সূত্রপাত বুধবার সকালে, যখন দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমান জর্ডানের ওপর দিয়ে উড়াল দেওয়ার সময় জরুরি সংকেত ও বিমানে বেআইনি দখলের সংকেত দেয়। বিমানটি পরে সৌদি আরবের তাবুক শহরের বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাথমিকভাবে বিমানটি ছিনতাই বা বড় ধরনের সন্ত্রাসী হামলার শিকার হয়েছে কি না, তা খতিয়ে দেখার কথা বলেছিল।

তবে পরে জানা যায়, ককপিটে দুই চালক নিজেরা মারামারিতে জড়িয়ে পড়েন। এতে বিমানটির প্রধান পাইলট ও সহকারী পাইলট দুজনই আহত হন। তাবুকের প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, আহত দুই চালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এএম