গণিতের শত বছরের জটিল ধাঁধা সমাধানের দাবি ওপেনএআইয়ের; নয়া বিতর্কও তুঙ্গে

ওপেন এআইয়ের লোগো
ওপেন এআইয়ের লোগো | ছবি: সংগৃহীত
0

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে শতবর্ষ পুরোনো একটি জটিল গাণিতিক ধাঁধার সমাধান করার দাবি করেছে এআই প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই। বিশ্বখ্যাত চ্যাটজিপিটির নির্মাতা এই প্রতিষ্ঠানটির দাবি, তাদের তৈরি ১০ হাজার এআই এজেন্ট মাত্র ৮৮ ঘণ্টা একযোগে কাজ করে ‘নভিয়ার-স্টোকস’ নামের এই জটিল গাণিতিক সমস্যার সমাধান বের করেছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের ক্লে ম্যাথমেটিক্স ইনস্টিটিউট প্রকাশিত গণিতের সাতটি বিখ্যাত সমাধানহীন ধাঁধা বা ‘মিলেনিয়াম প্রাইজ প্রবলেমস’-এর অন্যতম ছিল এই নভিয়ার-স্টোকস সমস্যা। এটির মাধ্যমে মূলত বায়ু ও পানির মতো প্রবাহী পদার্থের গতিশীলতা সম্পর্কিত সমীকরণের সঠিকতা যাচাই করে। ওপেনএআই জানিয়েছে, তাদের নতুন জিটিপি-৬ অ্যাস্ট্রা মডেলের চেয়েও শক্তিশালী একটি অভ্যন্তরীণ এআই ব্যবস্থার মাধ্যমে এই কৃতিত্ব অর্জিত হয়েছে।

তবে এই যুগান্তকারী ঘোষণার পরই উদ্ভাবনের স্বত্ব ও গোপনীয়তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ট্রিস্টান বাকমাস্টার অভিযোগ তুলেছেন, ওপেনএআইয়ের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের এক গবেষক ও তিনি মিলে যখন এই একই সমস্যার সমাধানের কাছাকাছি পৌঁছান, ঠিক তখনই ওপেনএআই হঠাৎ নিজেদের গবেষণা জোরদার করে। বাকমাস্টার জানান, তাদের খসড়া গবেষণার তথ্য ওপেনএআইয়ের কোড লেখার প্ল্যাটফর্ম ‘কোডেক্স’-এ সংরক্ষিত ছিল। ফলে সেই ডেটা ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন, যদিও সরাসরি কোনো অভিযোগ আনেননি।

ওপেনএআই গবেষক সেবাস্টিয়ান বুবেক এই অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, তারা ওই দুই গবেষকের সংরক্ষিত কোনো তথ্য ব্যবহার করেননি। তবে প্রতিষ্ঠানটি স্বীকার করেছে, অন্য দুই গবেষক সমস্যাটির সমাধান করে ফেলেছেন এমন গুঞ্জন শুনেই তারা তড়িঘড়ি এ কাজে নেমেছিলেন।

ক্লে ম্যাথমেটিক্স ইনস্টিটিউট এই ঐতিহাসিক গাণিতিক সমস্যাগুলো সমাধানের জন্য ১০ লাখ মার্কিন ডলার পুরস্কারের ঘোষণা রেখেছিল। তবে ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলার মূল্যায়নের লক্ষ্যে শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রস্তুতি নিতে থাকা ওপেনএআই জানিয়েছে, তারা এই পুরস্কারের অর্থ দাবি করবে না। সম্প্রতি এআই প্রযুক্তির নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের মধ্যে এই সাফল্য প্রকাশ করলো প্রতিষ্ঠানটি।

এএম