যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক চাপ; জাতীয় ঐক্যের আহ্বান পেজেশকিয়ানের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান | ছবি: আল জাজিরা
0

যুক্তরাষ্ট্রের নজিরবিহীন অর্থনৈতিক চাপের মুখে নিজেদের অভ্যন্তরীণ সংহতি ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, জাতীয় ঐক্য বজায় রাখতে পারলে দেশের ভেতরে বিশৃঙ্খলা ও বিভেদ সৃষ্টির সব চেষ্টা ব্যর্থ করে দেয়া সম্ভব হবে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান ও দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) অর্থনৈতিক উৎসগুলো পুরোপুরি বন্ধ করতে সম্প্রতি ইকোনমিক ডি-ডে শীর্ষক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। এর জবাবে মাসুদ পেজেশকিয়ান বলেন, যুদ্ধ, অবরোধ ও নিষেধাজ্ঞার মাধ্যমে শত্রুরা দেশের ভেতরে অসন্তোষ তৈরির চেষ্টা করছে। তবে এসব চাপের মুখে সরকার হঠাৎ এমন কোনো নীতি পরিবর্তন করবে না, যা দেশে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে।

ইরানে ব্যাপক জ্বালানি ঘাটতি ও পাচারের কারণে ব্যক্তিমালিকানাধীন যানবাহনের পেট্রোল বরাদ্দের একটি ধাপের দাম দ্বিগুণ করা এবং কোটা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে অন্যান্য ধাপে জ্বালানির দাম ঢালাওভাবে বাড়ানো হলে পরিবহন খরচ বৃদ্ধি পাবে এবং মূল্যস্ফীতি অনিয়ন্ত্রিত হয়ে পড়বে বলে সতর্ক করেন পেজেশকিয়ান। তিনি বলেন, জনগণ এমনিতেই চাপে রয়েছে, তাদের ওপর নতুন করে বাড়তি চাপ দেয়া যাবে না।

এদিকে শনিবার তেহরানের মুদ্রাবাজারে ইতিহাস প্রথমবারের মতো এক মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের দাম ২২ লাখ ৫০ হাজার ছাড়িয়ে গেছে। একই সঙ্গে সামরিক সংঘাতও অব্যাহত রয়েছে। শনিবার খারেগ দ্বীপের কাছে একটি ইরানি তেল ট্যাংকারে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে।

সম্ভাব্য অভ্যন্তরীণ অসন্তোষ মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে দেশটির নিরাপত্তা সংস্থাসমূহ। ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি এক বার্তায় সামাজিক সংহতি বিনষ্ট করে এমন যেকোনো কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার বিভাগ জানিয়েছে, জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এএম