ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধাভিযান পুনরায় শুরু হওয়ায় উদ্বিগ্ন মধ্যপ্রাচ্যের দেশগুলো। কেননা ওয়াশিংটনের হামলার জবাবে বাহরাইন, জর্ডান, কুয়েত এবং ইরাকে অবস্থিত মার্কিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। সেই ধারাবাহিকতায় বুধবার কুয়েতে হামলা চালায় তেহরান। অবশ্য তা প্রতিহতের দাবি জানিয়েছে কুয়েতের সেনাবাহিনী। অবশ্য ইরানের বেসামরিক নাগরিদের হামলার ঘটনাকে যুদ্ধাপরাধ বলছে তেহরান। এর সমুচিত জবাব দেয়া হবে বলে বদ্ধ পরিকর তারা। অন্যদিকে বেসামরিকদের লক্ষ্য করে কোন হামলা চালানো হয় নি বলে দাবি যুক্তরাষ্ট্রের।
তবে নতুন করে শুরু হওয়া এই হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংঘাত না বাড়িয়ে কূটনীতিক সমাধানে যাওয়ার আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তেনিও গুতেরেস। বুধবার সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন জাতিসংঘের মুখপাত্র।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, মহাসচিব সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সংঘাত না বাড়াতে সংশ্লিষ্ট সকলকে কোন পদক্ষেপ ও বক্তব্য থেকে বিরত থাকতে অনুরোধ করেছেন। উত্তেজনা আরও বাড়লে তা বেসামরিক নাগরিক, বৃহত্তর অঞ্চল এবং এর বাইরেও বিধ্বংসী পরিণতি ডেকে আনবে।
এরইমধ্যে ওয়াশিংটন-তেহরানের মধ্যে শুরু হওয়া সংঘাত বেশিদিন স্থায়ী হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যেকোন সময়েই মার্কিন বাহিনী তেহরানের ওপর হামলা চালাতে প্রস্তুত বলেও হুমকি দেন তিনি। এছাড়া হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ট্রাম্প প্রণালি করারও প্রস্তাব দেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করেছি এবং করছি। কোন ঝামেলা ছাড়াই গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেল প্রচুর জাহাজ চলাচল করছে। অবশ্য মাঝে মাঝে তারা ড্রোন ছোড়ে এবং আমরা সেটা ভূপাতিত করি।
চলমান এ যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইসরাইলি প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিয়াহু বলছেন, ইরান সরকারকে উৎখাতে কাজ করছে তার দেশ। আই২৪ নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ইসরাইলের সমস্ত ব্যবস্থা তেহরানের শাসনব্যবস্থাকে উৎখাত ও পরাজিত করার জন্য কাজ করছে।
এদিকে, দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন বলছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে হামলার মধ্যেই মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালি দিয়ে ১ কোটি ৮০ লাখ ব্যারেল তেলবাহী ৪০টি বাণিজ্যিক জাহাজ অতিক্রম করে।





