পুতিন ন্যাটো অঞ্চলে হামলা করবেন না—ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি: রয়টার্স
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ন্যাটোভুক্ত কোনো দেশে হামলা চালাবেন না। পুতিনের সঙ্গে ‘ভালো আলোচনার’ পর বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। আনাদোলুর প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।

ওভাল অফিসে পুতিন ন্যাটো অঞ্চলে হামলা না করার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দিয়েছেন কি না, জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘তার সঙ্গে আমার ভালো আলোচনা হয়েছে। তিনি ন্যাটো অঞ্চলে হামলা করতে যাচ্ছেন না।’ এ বিষয়ে রাশিয়াকে কোনো সতর্কবার্তা দিতে চান কি না, এমন প্রশ্নে ট্রাম্প সরাসরি মন্তব্য এড়িয়ে বলেন, ‘আমি এ বিষয়ে মন্তব্য করতে চাই না, তবে তারা হামলা করবে না।’

সম্প্রতি মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ মস্কো সফর করেছেন। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইউক্রেনকে সহায়তার জেরে ন্যাটোর মিত্র দেশগুলোর ওপর কোনো হামলা না চালাতে তিনি রাশিয়াকে সতর্ক করেছেন। তবে ট্রাম্প এই দাবি নাকচ করে দিয়ে একে ‘স্বাভাবিক বিষয়’ বলে উল্লেখ করেন। ট্রাম্পের মতে, র‍্যাটক্লিফের সঙ্গে রুশ গোয়েন্দা প্রধান সের্গেই নারিশকিনের বৈঠকটি নিয়মিত প্রক্রিয়ার অংশ এবং তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে।

ওয়াশিংটনের সতর্কতা সত্ত্বেও রাশিয়া ইরানের সঙ্গে ব্যবসা চালিয়ে গেলে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে কি না, জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘এটি পরিস্থিতির ওপর নির্ভর করে।’ তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত আমার মনে হয় হরমুজ প্রণালি ইস্যুতে রাশিয়া বেশ ভালো আচরণ করেছে।’

সংবাদমাধ্যম এক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রাশিয়া ন্যাটোভুক্ত কোনো দেশে হামলা করতে পারে—এমন আশঙ্কা নিয়ে তিনি একেবারেই চিন্তিত নন। তিনি দাবি করেন, এ নিয়ে কোনো সমস্যা নেই।

এএম