শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে নেপালে আইএফআরসির প্রতিনিধিদলের প্রধান ডেভিড ফিশার বলেন, ‘আমরা ধারণা করছি অন্তত ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের তীব্র সহায়তার প্রয়োজন।’ তিনি জানান, ভূমিধসে সৃষ্ট হ্রদের তীর ভেঙে পানি উপচে পড়ায় তাদের ত্রাণবাহী ট্রাক আটকে পড়েছে এবং উদ্ধারকাজ সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে।
জাতিসংঘ দুর্যোগ ঝুঁকি হ্রাস দপ্তরের প্রধান কমল কিশোর নতুন করে আরও বিপর্যয়ের ঝুঁকির বিষয়ে সতর্ক করে বলেন, ‘এক অর্থে এই দুর্যোগ এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। এটি এখনো নানাভাবে বাড়ছে।’
একই সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মুখপাত্র তারিক জাসারেভিচ জানান, ভূমিধসে ৬টি চিকিৎসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৮ জন স্বাস্থ্যকর্মী নিখোঁজ রয়েছেন। তিনি বলেন, এই মাত্রার দুর্যোগের পর বিপুলসংখ্যক মানুষের বাস্তুচ্যুতি এবং পানি, পয়োনিষ্কাশন ও স্বাস্থ্যসেবা ভেঙে পড়ার কারণে ডায়রিয়া ও শ্বাসতন্ত্রের সংক্রমণসহ নানা সংক্রামক রোগের বিস্তার ঘটতে পারে।





