২০২৭ সালে ভিয়েতনামের অর্থনীতি বাড়তে পারে ১১ শতাংশ

ভিয়েতনামের কোনো এক শহর
ভিয়েতনামের কোনো এক শহর | ছবি: সংগৃহীত
0

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পূর্বাভাসে ভিয়েতনামের অর্থনীতি নিয়ে আশাবাদী চিত্র উঠে এসেছে। স্ট্যান্ডার্ড চার্টার্ডের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে দেশটির অর্থনীতি ৯ দশমিক ৫ শতাংশ এবং ২০২৭ সালে ১১ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে ভিয়েতনামের অর্থনীতি আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৪ শতাংশ বেড়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে দেশটির জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ২ শতাংশ।

প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে শিল্প ও নির্মাণ খাত। পাশাপাশি উৎপাদন খাতের পুনরুদ্ধার এবং অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধিও অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে।

এদিকে বাণিজ্য ও বিদেশি বিনিয়োগেও শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে। ২০২৬ সালের প্রথম ছয় মাসে ভিয়েতনামের রপ্তানি হয়েছে ২৬৬ দশমিক ৫২ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ বেশি। একই সময়ে বিদেশি বিনিয়োগ বেড়েছে ৬১ শতাংশ, দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৬৫ বিলিয়ন ডলারে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ২০২৬ সালের মূল্যস্ফীতির পূর্বাভাস কমিয়ে ৪ দশমিক ৪ শতাংশ করেছে। ব্যাংকটির মতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই দেশটির মুদ্রানীতি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সহায়তা করতে পারে।

ব্যাংকটির জ্যেষ্ঠ অর্থনীতিবিদ টিম লিলাহাপান বলেন, ‘২০২৬ সালের প্রথমার্ধে উৎপাদন, সেবা ও বিনিয়োগের ওপর ভর করে ভিয়েতনামের অর্থনীতি শক্তিশালী স্থিতিস্থাপকতা দেখিয়েছে।’ অবকাঠামো ও উৎপাদন সক্ষমতায় বিনিয়োগ এবং শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদা দেশটির দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে সহায়তা করবে বলে মনে করছেন তিনি।


জেআর