২০২৪ সালে মার্কিন বিচার বিভাগ সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে মামলাটি করে। এতে অভিযোগ ছিল, ১৩ বছরের কম বয়সী লাখ লাখ শিশুর বিপুল পরিমাণ ব্যক্তিগত তথ্য তাদের মা-বাবার সম্মতি ছাড়াই সংগ্রহ করেছে টিকটক, যা ২০০০ সালে প্রণীত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোপনীয়তা আইনের সরাসরি লঙ্ঘন।
চুক্তির শর্ত অনুযায়ী, টিকটক ও বাইটড্যান্স মার্কিন বিচার বিভাগকে তাৎক্ষণিকভাবে ৩০ কোটি ডলার পরিশোধ করবে। বাকি ১০ কোটি ডলার পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের সঙ্গে আগের একটি সম্মতি প্রস্তাব বাতিলের পর দেয়া হবে।
যুক্তরাষ্ট্রের সহকারী অ্যাটর্নি জেনারেল ব্রেট শুমেট বলেন, ‘মামলাটি শুরুর সময় শিশুদের যে সুরক্ষা ছিল, বর্তমানে তারা তার চেয়ে বেশি সুরক্ষিত।’ বিচার বিভাগ জানিয়েছে, মামলা দায়েরের পর থেকে টিকটক তাদের মালিকানা কাঠামো, তথ্য সুরক্ষার নীতি এবং অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন এনেছে।
এর আগে শিশুদের তথ্য সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে ২০১৯ সালে গুগলের মালিকানাধীন ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব ১৭ কোটি ডলার এবং ২০২২ সালে এপিক গেমস ২৭ কোটি ৫০ লাখ ডলার জরিমানা দিয়েছিল। একই অভিযোগে বর্তমানে টেক জায়ান্ট মেটাও মার্কিন আদালতের মুখোমুখি হয়ে বড় অঙ্কের জরিমানার ঝুঁকির মধ্যে রয়েছে।





