রুশ ‘শ্যাডো ফ্লিটে’ ইউরোপের নজর, কঠোর জবাবের ঘোষণা পুতিনের

মস্কোয় এক অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
মস্কোয় এক অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন | ছবি: রয়টার্স
0

ইউরোপীয় দেশগুলো যদি রুশ বাণিজ্যিক জাহাজ জব্দ করে, তবে রাশিয়াও একইভাবে জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ (বুধবার, ১২ আগস্ট) রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর ওপর চাপ বাড়ানোর প্রেক্ষাপটে পুতিন এমন কড়া মন্তব্য করলেন। শত শত রুশ জাহাজের ওপর নিষেধাজ্ঞা বিস্তৃত করেছে ইইউ। এছাড়া কিছু জাহাজ ও এর ক্রুদের আটকে রেখে তল্লাশি চালানো হচ্ছে। ইউরোপের কয়েকটি সরকার জানিয়েছে, নিষেধাজ্ঞা এড়ানোর সন্দেহে থাকা জাহাজগুলোর বিরুদ্ধে আরও কঠোর সামুদ্রিক পদক্ষেপের কথা তারা ভাবছে।

তাসের বরাত দিয়ে পুতিনকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘এটি নিঃসন্দেহে জলদস্যুতা ও ডাকাতি ছাড়া আর কিছুই নয়। বাস্তবে এমনটি ঘটলে আমরাও একইভাবে জবাব দিতে বাধ্য হব।’ তিনি আরও বলেন, রাশিয়ার এই পাল্টা ব্যবস্থা কেবল যেসব জলসীমায় রুশ জাহাজ জব্দ করা হবে সেখানেই সীমাবদ্ধ থাকবে না, বরং ‘যেখানে আমরা প্রয়োজন ও যুক্তিসঙ্গত মনে করব, সেখানেই এটি ঘটবে।’

সামরিক মহড়া পর্যবেক্ষণের জন্য রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় সাখালিন দ্বীপে অবস্থানকালে পুতিন এসব কথা বলেন। এ সময় তিনি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ন্যাটোর অনুপ্রবেশ এবং আর্কটিক অঞ্চলে উত্তেজনা তৈরির জন্য জোটটির বিরুদ্ধে অভিযোগ তোলেন। তাসের বরাত দিয়ে বলা হয়েছে, পুতিন জানিয়েছেন, ‘ন্যাটো এই অঞ্চলে অনুপ্রবেশ করছে। নতুন সামরিক-রাজনৈতিক জোট গঠন করা হচ্ছে এবং রাশিয়ার জন্য হুমকিস্বরূপ নতুন অস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হচ্ছে বা মোতায়েনের পরিকল্পনা চলছে।’

এএম