এর আগে বেলগোরোদ অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার শুভায়েভ জানিয়েছিলেন, এই হামলায় তিনজন নিহত এবং দুই শিশুসহ আরও ২৫ জন আহত হয়েছেন। পরে হতাহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়ায়। শুভায়েভ জানান, ড্রোন হামলায় দুটি অ্যাপার্টমেন্ট ভবনে আগুন ধরে যায়। এ ছাড়া বিপুলসংখ্যক আবাসিক ও অন্যান্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির ইউরোপীয় অংশ, ক্রিমিয়া, কৃষ্ণ সাগর ও আজভ সাগরের ওপর দিয়ে উড়ে আসা ১৫০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন তারা ধ্বংস করেছে। কৃষ্ণ সাগরের অন্যতম প্রধান রপ্তানি বন্দর নভোরসিয়স্কেও ড্রোনের ধ্বংসাবশেষ দুটি স্থাপনায় পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় মেয়র আন্দ্রেই ক্রাভচেঙ্কো। তবে ঠিক কোন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাননি। পরে স্থানীয় সংকট ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, সেখানে তিনটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন আহত হয়েছেন।
এদিকে বাশকোর্তোস্তান অঞ্চলের উফা শহরে নির্মাণাধীন একটি ভবন ও ক্রেনে ইউক্রেনীয় ড্রোন আঘাত হেনেছে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নিউজ। স্থানীয় জরুরি বিভাগের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়।





