মঙ্গলবার শুরু হওয়া রোম বৈঠক বৃহস্পতিবার পর্যন্ত চলবে বলে জানা গেছে। এর আগে গত জুনে দুই দেশের সীমান্তে উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি নিরাপত্তা ব্যবস্থায় সম্মত হয়েছিল দুই পক্ষ। তবে যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে একটি বাফার জোন ঘোষণা করে সেখানে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরাইল। ইসরাইল বলছে, সীমান্তে ইরান-সমর্থিত হিজবুল্লাহর হুমকি মোকাবিলা করতেই তাদের এই অভিযান।
বৃহস্পতিবার ইসরাইলের আর্মি রেডিও জানায়, নিরাপত্তা পরিদর্শনের অংশ হিসেবে একটি ভবনে ঢোকার পর বিস্ফোরণে দুই সেনা নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আর্মি রেডিও আরও জানায়, বিস্ফোরকটি ঠিক কখন সেখানে রাখা হয়েছিল—যুদ্ধবিরতির আগে না পরে—সেটি এখনো স্পষ্ট নয়।
বুধবার ইসরাইলি সেনাবাহিনী প্রথমে ঘটনাটিকে হিজবুল্লাহর ‘যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছিল। এর জেরে দক্ষিণ লেবাননে ধারাবাহিক পাল্টা হামলা চালানো হয়। তবে বৃহস্পতিবার নিহত সেনাদের প্রতি শোক জানিয়ে দেয়া বিবৃতিতে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ হিজবুল্লাহ বা যুদ্ধবিরতি লঙ্ঘনের কথা উল্লেখ করেননি। এতে ধারণা করা হচ্ছে, ইসরাইল হামলার তীব্রতা আর বাড়াতে চাইছে না। ইসরাইলি সেনাবাহিনীর ওয়েবসাইট অনুযায়ী, দক্ষিণ লেবাননে সবশেষ কোনো ইসরাইলি সেনা নিহত হয়েছিলেন গত ২৮ জুন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় তিবনিন শহরে ইসরাইলি হামলায় একজন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন। মানসৌরি থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত তিবনিনের জন্য হামলার আগে ইসরাইলি সেনাবাহিনী অনলাইনে সতর্কবার্তা জারি করেছিল। এটি ছিল এক মাসেরও বেশি সময় পর লেবাননের জন্য দেয়া প্রথম অনলাইন সতর্কতা।





