ধর্মীয় নিপীড়নের শিকার সংখ্যালঘুরা অনুপ্রবেশকারী নন: শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ছবি: সংগৃহীত
0

ধর্মীয় কারণে প্রতিবেশী দেশ থেকে ভারতে আসা হিন্দু, বৌদ্ধ, খিস্ট্রানরা অনুপ্রবেশকারী হিসেবে বিবেচিত হবে না বলে বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার দাবি, ভারতের যথাযথ আইনি কাঠামো ও নাগরিকত্ব সংশোধনী আইন- সিএএ অনুযায়ী সংখ্যালঘুরা শরণার্থী হিসেবে তালিকাভুক্ত হবে। তবে অনুপ্রবেশকারী ইস্যুতে পশ্চিমবঙ্গ সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলেও ফের হুঁশিয়ারি উচ্চারণ করেন শুভেন্দু।

অনুপ্রবেশ ইস্যুতে পশ্চিমবঙ্গে সরকারের কঠোর অবস্থানের মাঝেই, রাজ্যটিতে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে শুরু হয়েছে আদমশুমারি কার্যক্রম। গতকাল (শনিবার, ১ আগস্ট) এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এসময় রাজ্যের প্রত্যেক নাগরিককে আদমশুমারিতে অংশ নেয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘আমি গোটা রাজ্যের জনগণকে এই কাজে সেন্সাস কর্মীদের সহযোগিতা করার জন্য আপনাদের কাছে আবেদন করছি। আপনারা নিজেরাও স্বগণনা অর্থাৎ সেলফ এনুমেরেশন যে সুবিধা, সেটা আপনারা গ্রহণ করবেন। sc.census.gov.in-এর মাধ্যমে ১ থেকে ১৫ই আগস্ট ২০২৬ পর্যন্ত পরিবারের তথ্য অনলাইনে জমা দিতে পারবেন।’

আরও পড়ুন

প্রথম ধাপে ১৫ আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গের নাগরিকরা বাড়িতে বসে অনলাইনে নির্দিষ্ট ফর্ম পূরণ করতে পারবেন। এরপর কর্মকর্তারা বাড়িতে গিয়ে তথ্য যাচাই-বাছাই করবেন। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে আদমশুমারির দ্বিতীয় ধাপ। এতে প্রত্যেক পরিবারের সদস্যদের নাম, বয়স, লিঙ্গ, জাতি ও ধর্ম সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রকৃত জনসংখ্যা গণনা করা হবে। নতুন পদ্ধতির মাধ্যমে জনগণনার কাজ আরও দ্রুত, স্বচ্ছ ও নির্ভুল হবে বলে প্রত্যাশা ভারত সরকারের।

আদমশুমারি কার্যক্রমের উদ্বোধন শেষে কলকাতার বিধাননগরে সংবাদ সম্মেলনে কথা বলেন শুভেন্দু। এসময় দাবি করেন, ধর্মীয় কারণে ভারতে আসা হিন্দু, বৌদ্ধ, খিস্ট্রানরা অনুপ্রবেশকারী হিসেবে বিবেচিত না হয়ে শরণার্থী হিসেবে পরিচয় পাবে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় যে সমস্ত আমাদের কমিউনিটিগুলোর কথা বলা আছে—হিন্দু, শিখ, খ্রিষ্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট—তারা কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীর পর্যায়ে পড়ে না। তারা শরণার্থীর পর্যায়ে পড়ে।’

তবে অনুপ্রবেশ ইস্যুতে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলেও ফের হুঁশিয়ারি দেন শুভেন্দু।

শুভেন্দু অধিকারী বলেন, ‘যারা অনুপ্রবেশকারী, তাদেরকে যেতে হবে। তারা এখানে থাকবে না। তাদেরকে আমরা খাওয়াতে পারব না। তাদের রাখতে পারব না, পরিষ্কার কথা।’

এছাড়াও, শনিবার নিউটাউনে ‘নাগরিকত্ব সনদ’ প্রদান অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু। এসময় বাংলাদেশ থেকে ভারতে আসা কয়েকজন সংখ্যালঘুকে নাগরিকত্বের সনদ প্রদান করা হয়।

জেআর