মার্কিন মেরিন কোর এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলট ইজেক্ট করেন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তার আঘাত গুরুতর নয়।
সংবাদমাধ্যমের হেলিকপ্টার থেকে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, একটি খোলা মাঠের ধ্বংসাবশেষ থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে। সেখানে বেশ কিছু সামরিক ও অগ্নিনির্বাপক যান মোতায়েন করা হয়েছে। সান ডিয়েগো ফায়ার সার্ভিসের মুখপাত্র ক্যানডেস হ্যাডলি জানান, বিমানটি আছড়ে পড়ার পর পাশের ঝোপঝাড়ে আগুন ধরে যায়, যা নেভাতে কাজ করছেন দমকলকর্মীরা।
যে মিরামার বিমানঘাঁটির কাছে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি একসময় নৌবাহিনীর বিখ্যাত যুদ্ধবিমান প্রশিক্ষণ কেন্দ্র ছিল, যা জনপ্রিয় সিনেমা ‘টপ গান’-এ চিত্রিত হয়েছে। ১৯৯৬ সালে এটি মেরিন কোরের কাছে হস্তান্তর করা হয়।
যুক্তরাষ্ট্রের মেরিন কোর, নৌবাহিনী ও বিমানবাহিনীর কাছে বর্তমানে ৬৩০টিরও বেশি এফ-৩৫ যুদ্ধবিমান রয়েছে। এফ-৩৫বি মডেলটি বিশেষভাবে তৈরি, যা সংক্ষিপ্ত পথ ব্যবহার করে উড্ডয়ন ও খাড়াভাবে অবতরণ করতে পারে। এই ধরনের একেকটি বিমানের দাম প্রায় ১০ কোটি ৯০ লাখ ডলার।
ফ্লাইট সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, চলতি বছর যুক্তরাষ্ট্রে এ নিয়ে অন্তত আটটি সামরিক বিমান দুর্ঘটনার কবলে পড়ল। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল গত জুনে মোজাভে মরুভূমিতে বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা, যাতে আটজন আরোহীর সবাই নিহত হন।





