চিলিতে ভয়াবহ ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ১৩

ঝড়ে ক্ষতিগ্রস্ত চিলির একটি এলাকা
ঝড়ে ক্ষতিগ্রস্ত চিলির একটি এলাকা | ছবি: রয়টার্স
0

চিলিতে কয়েক দিনের ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ ঝড়ে এখন পর্যন্ত অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে এবং সাতজন নিখোঁজ রয়েছে। এছাড়া, ৬০ হাজারের বেশি মানুষ সড়ক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। দেশটির সরকারি কর্মকর্তারা মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপি প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রাকৃতিক দুর্যোগের পর বর্তমানে উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমের পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ, পানি ও অন্যান্য জরুরি সেবা স্বাভাবিক করার ওপর জোর দেওয়া হচ্ছে।

গত ১৫ জুলাই চিলির দক্ষিণাঞ্চলে শুরু হওয়া এই ঝড় পরে দেশটির সাধারণত শুষ্ক থাকা কোকুইম্বো ও আতাকামা অঞ্চলে ব্যাপক প্রভাব ফেলে। এসব এলাকায় এ ধরনের অতিবৃষ্টি খুবই অস্বাভাবিক ঘটনা।

চিলির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সেনাপ্রেডের পরিচালক আলিসিয়া সেব্রিয়ান সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে এবং সাতজন নিখোঁজ রয়েছেন।’

আরও পড়ুন:

সরকারি হিসাবে বলা হয়েছে, প্রবল বৃষ্টিতে প্রায় ২ হাজার ৮০০ ঘরবাড়ি ধ্বংস হয়েছে। পাহাড়ি ঢল, নদ-নদীর পানি বেড়ে যাওয়া এবং পানি ও কাদায় সড়ক বন্ধ হয়ে যাওয়ায় বেশ কয়েকটি শহর ও জনপদ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

কোকুইম্বোর স্থানীয় এক কমিউনিটি নেতা প্যাট্রিসিয়া আলবর্নোজ এএফপিকে ফোনে বলেন, ‘আমার বয়স ৫৭ বছর। জীবনে এমন ভয়াবহ পরিস্থিতি কখনো দেখিনি। সবচেয়ে আতঙ্কের বিষয় ছিল নদী ও খালের পানি উপচে পড়ার দৃশ্য।’

চিলির স্বরাষ্ট্রমন্ত্রী ক্লদিও আলভারাদো জানান, বৃষ্টিপাত কমে আসার সম্ভাবনা রয়েছে। তবে, নদী ও খালের পানি এখনো বিপজ্জনক পর্যায়ে থাকায় ঝুঁকি রয়ে গেছে। এদিকে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সোমবার জরুরি অবস্থা ঘোষণা করেছেন চিলির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ত।

এএইচ