মৃত্যুদণ্ডের ‘কারণ’ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়— সৌদি আরবের ঘটনা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির | ছবি: সংগৃহীত
0

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, আল্লাহর ঘরের পবিত্রতা এবং মক্কা যাওয়ার উদ্দেশ্য পবিত্র নিয়তেই হয়। তো মৃত্যুদণ্ডের যে কারণ পেলাম, এটা যদি হয়ে থাকে, তাহলে তো স্বাভাবিকভাবে এটা অত্যন্ত হতাশার, দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য না।

আজ (সোমবার, ১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে করা এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এটা অবশ্যই দুঃখজনক। যে অভিযোগ এনে বা যে অপরাধের কথা বলে এই শাস্তি কার্যকর হলো, এটাও আমাদের জন্য বেশ হতাশাজনক।’

তিনি বলেন, ‘আল্লাহর বাড়ি মানুষ পবিত্র নিয়তে যায়, ওখানে গিয়ে এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হওয়া ঠিক না।’

তিনি আরও বলেন, ‘সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ও আমাদের সরকারের সঙ্গে একটা ভালো, গভীর ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এটা নতুন একটা উচ্চতায় ইনশাআল্লাহ যাবে এবং যাচ্ছে।’

তবে তথ্য পাওয়ায় ঘাটতি ছিলো জানিয়ে হুমায়ুন কবির বলেন, ‘আমরা ব্যাখ্যা চেয়েছি আমাদের বন্ধুপ্রতিম দেশ সৌদি আরবের কাছে। এখানে অবশ্যই একটা তথ্যের ঘাটতি ছিলো। কোথায়, কোন জায়গায় ত্রুটি আছে, আমরা এটা খতিয়ে দেখার জন্য কথাবার্তা বলছি।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যদি অপরাধ হয়ে থাকে, এটার একটা আইন আছে, তাদের লোকাল আইন আছে। সৌদি আরবে যে যায়, সে জানে ওখানে গেলে কী দণ্ডনীয় অপরাধ, এটা পরিষ্কার।’

এছাড়া সৌদি আরবের সঙ্গে তথ্য ও যোগাযোগের ঘাটতির কথা উল্লেখ করে এ বিষয়ে সৌদি আরবের কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

এএইচ