ইতিবাচক চিন্তা থাকলে পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: সংগৃহীত
0

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তনের ইচ্ছা এবং চেষ্টাই আসল। ইতিবাচক চিন্তা ও মানসিকতা নিয়ে কাজ করলে ঢাকা শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক পরিবেশের কাঙ্ক্ষিত পরিবর্তন অবশ্যই সম্ভব। নিজেদের সন্তান ও অনাগত ভবিষ্যতের কথা চিন্তা করে সিটি করপোরেশনের প্রতিটি কর্মকর্তা-কর্মচারী দায়িত্বশীল ভূমিকা পালন করলে শহর বদলাতে হয়তো কিছু সময় লাগবে, কিন্তু ইতিবাচক পরিবর্তন আসবেই।

আজ (সোমবার, ১৯ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নগর ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এ দিন বেলা ১১টায় ওসমানী উদ্যানের আধুনিকায়ন ও নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী নগর ভবন পরিদর্শন করেন। পরিদর্শনকালে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরে ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মতবিনিময় সভায় সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই শহরকে সুন্দর রাখার কাজে নিয়োজিত রয়েছেন। নিজেদের সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যেতে হবে, কারণ নিজের পরিবর্তন দিয়েই সমাজ ও দেশ পরিবর্তনের সূচনা হয়।’

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী নগর ভবনে অবস্থিত দুর্যোগকালীন জরুরি পরিচালন কেন্দ্র ‘শীতলক্ষ্যা হল’-এ ডিএসসিসির সাম্প্রতিক কার্যক্রমের ওপর তৈরি করা একটি তথ্যচিত্র ও উপস্থাপনা উপভোগ করেন। এরপর তিনি নগর ভবন অডিটোরিয়ামে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালামের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহিদুল হাসান।

এর আগে, নগর ভবনে পৌঁছালে প্রধানমন্ত্রীকে ভবনের উদ্বোধনী ফলকের সামনে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়। উল্লেখ্য, ১৯৯৩ সালের ২৭ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এ নগর ভবনের শুভ উদ্বোধন করেছিলেন।

এসএইচ