কানাডায় দাবানল নিয়ে ট্রাম্পের সমালোচনার কড়া জবাব ওনটারিও প্রিমিয়ারের

ওনটারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড
ওনটারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড | ছবি: সংগৃহীত
0

কানাডার ওনটারিও প্রদেশে ভয়াবহ দাবানল এবং এর ফলে সৃষ্ট ধোঁয়া যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার কড়া জবাব দিয়েছেন ওনটারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড। ট্রাম্পের মন্তব্যকে ‘একেবারেই অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন এই প্রাদেশিক সরকারপ্রধান। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

গতকাল (শনিবার, ১৮ জুলাই) এক সংবাদ সম্মেলনে প্রিমিয়ার ডাগ ফোর্ড বলেন, ‘পরিস্থিতি যদি উল্টো হতো এবং যুক্তরাষ্ট্রে দাবানল দেখা দিতো, তবে তারা প্রতিবেশীদের সহায়তায় এগিয়ে যেতেন।’ তিনি জানান, ওনটারিওতে এখন ৬ লাখ ৫৫ হাজার হেক্টর বনভূমি পুড়ছে। ঘরবাড়ি ও ব্যবসা হারিয়ে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষের পাশে দাঁড়াতে বাজেটের কোনো সীমাবদ্ধতা থাকবে না বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে শুক্রবার ট্রাম্প কানাডার বন ব্যবস্থাপনাকে ‘অদক্ষ’ বলে দায়ী করেন। একই সঙ্গে এই দূষণ মোকাবিলার ‘অকল্পনীয় ব্যয়’ কানাডীয় পণ্যের ওপর বিদ্যমান শুল্কের সঙ্গে যোগ করার হুমকি দেন তিনি। এর জবাবে প্রিমিয়ার ফোর্ড বলেন, ‘ট্রাম্প যদি চান কানাডা তার বন পরিষ্কার রাখুক, তবে যুক্তরাষ্ট্রের উচিত কানাডার নরম কাঠের (সফটউড লাম্বার) ওপর আরোপিত শুল্ক তুলে নেয়া।’ শুল্কমুক্তভাবে কাঠ রপ্তানি করতে পারলে বর্তমান অনেক সমস্যারই সমাধান হবে বলে তিনি মন্তব্য করেন।

ফেডারেল জরুরি বিষয়ক মন্ত্রী এলিনর ওলশেউস্কি জানিয়েছেন, ওনটারিওর উত্তর-পশ্চিমাঞ্চলীয় ফোর্ট হোপের বাসিন্দাদের উদ্ধারে সামরিক বিমান ব্যবহার করা হচ্ছে। দাবানলের তীব্রতা বাড়ায় ওই দুর্গম এলাকা থেকে হাজার হাজার মানুষ এরই মধ্যে দক্ষিণে সরে এসেছেন। কানাডার প্রাকৃতিক সম্পদ বিভাগ জানিয়েছে, বর্তমানে দেশটিতে মোট দাবানলের সংখ্যা ৯৫৫টি। এর মধ্যে গত রাতেই ৬৯টি নতুন আগুনের খবর পাওয়া গেছে।

দাবানলের ধোঁয়া দক্ষিণ দিকে সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করায় দেশটির এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি (ইপিএ) পেনসিলভানিয়া, নিউ জার্সি, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, ডেলোওয়ার ও ওয়াশিংটন ডিসিসহ বেশ কিছু এলাকায় বাতাসের মান নিয়ে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। তবে আবহাওয়া পূর্বাভাস সংস্থা অ্যাকুওয়েদার জানিয়েছে, রোববার নিউ জার্সির স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপ ফাইনালে এই ধোঁয়ার প্রভাব হবে যৎসামান্য। ওনটারিওর প্রাকৃতিক সম্পদ মন্ত্রী মাইক হ্যারিস জানিয়েছেন, আগামী কয়েক দিনে আবহাওয়া অনুকূলে আসার সম্ভাবনা রয়েছে।

এএম