ভারতের মহাকাশ গবেষণায় নতুন মাইলফলক

ভারতের মহাকাশ স্টার্টআপ স্কাইরুট অ্যারোস্পেস উৎক্ষেপণ করেছে ‘বিক্রম-১’ রকেট
ভারতের মহাকাশ স্টার্টআপ স্কাইরুট অ্যারোস্পেস উৎক্ষেপণ করেছে ‘বিক্রম-১’ রকেট | ছবি: সংগৃহীত
0

ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে স্টার্টআপ প্রতিষ্ঠান ‘স্কাইরুট অ্যারোস্পেস’। আজ (শনিবার, ১৮ জুলাই) প্রতিষ্ঠানটি দেশটির প্রথম বেসরকারি অরবিটাল লঞ্চ ভেহিকল বা কক্ষপথে পৌঁছাতে সক্ষম রকেট সফলভাবে উৎক্ষেপণ করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অর্জনকে দেশটির মহাকাশ যাত্রায় এক ‘ঐতিহাসিক নতুন সীমানা’ হিসেবে অভিহিত করেছেন। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভারতের দক্ষিণাঞ্চলীয় শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ‘বিক্রম-১’ রকেটটি উড্ডয়ন করে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে স্কাইরুট অ্যারোস্পেস নিশ্চিত করেছে যে, রকেটটি সফলভাবে কক্ষপথে পৌঁছেছে।

প্রতিষ্ঠানটি জানায়, ‘বিক্রম-১ টেস্ট ফ্লাইট-১ কক্ষপথে পৌঁছেছে। ভারতের প্রথম বেসরকারিভাবে তৈরি এই অরবিটাল রকেটটি সফলভাবে এর পেলোডগুলোকে ৪৫০ কিলোমিটার উচ্চতার কক্ষপথে স্থাপন করেছে। এর মধ্য দিয়ে বিশ্বের তৃতীয় দেশ হিসেবে বেসরকারি অরবিটাল উৎক্ষেপণ সক্ষমতা অর্জন করল ভারত।’

চার স্তরের এই রকেটটি মূলত দ্রুত এবং চাহিদামাফিক উৎক্ষেপণ সেবা প্রদানের জন্য নকশা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মিশনের প্রশংসা করে বলেন, এটি ভারতের তরুণ প্রজন্মের প্রতিভা, দৃঢ় সংকল্প এবং উদ্যোক্তা মানসিকতার প্রতিফলন। তিনি আরও যোগ করেন, ভারতের মহাকাশ খাতের সংস্কার কীভাবে উদ্ভাবন ও উদ্যোগের নতুন সুযোগ তৈরি করে দিচ্ছে, এই মিশন তারই প্রমাণ।

এএম