ভিয়েতনামে আকস্মিক বন্যা ও ভূমিধস; নিহত ৪, নিখোঁজ ৪

উত্তর ভিয়েতনামের মুং থান গ্রামে বন্যার পানির সঙ্গে লড়ছেন উদ্ধারকর্মীরা
উত্তর ভিয়েতনামের মুং থান গ্রামে বন্যার পানির সঙ্গে লড়ছেন উদ্ধারকর্মীরা | ছবি: সংগৃহীত
0

ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় পাহাড়ি প্রদেশ লাই চাউয়ের একটি গ্রামে আকস্মিক বন্যায় অন্তত চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও চারজন। আজ (শনিবার, ১৮ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভিয়েতনামের সংবাদ সংস্থা (ভিএনএ) জানায়, গত শুক্রবার ভোরে মুওং থান গ্রামে এই পাহাড়ি ঢল আঘাত হানে। উত্তরাঞ্চলীয় বেশ কিছু এলাকায় কয়েক দিনের টানা ভারী বৃষ্টির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়। বন্যায় আরও সাতজন আহত হয়েছেন।

ভিয়েতনামে জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষাকাল চলে। এই সময়ে দেশটিতে প্রায়ই প্রাণঘাতী ঝড় ও বন্যা দেখা দেয়। সরকারি তথ্য অনুযায়ী, গত বছর দেশটিতে প্রাকৃতিক দুর্যোগে, বিশেষ করে বন্যায় ৪৮৯ জনের মৃত্যু হয়েছে।

ভিএনএ-র প্রকাশিত ছবিতে দেখা গেছে, গ্রামটি লাল কাদা ও বন্যার পানিতে ঢেকে গেছে। ক্ষতিগ্রস্ত রাস্তার এক কোণে পাথর ও কাঠের গুঁড়ি স্তূপ হয়ে পড়ে আছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, গত বুধবার থেকে ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধস ও আকস্মিক বন্যায় ওই অঞ্চলের রাস্তাঘাট, বিদ্যুৎ সঞ্চালন লাইন ও কয়েক শ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ২৩৮ হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে।

সংস্থাটি আরও জানিয়েছে, শনিবার উত্তরাঞ্চলীয় বেশ কিছু এলাকায় ২৫০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে আরও আকস্মিক বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে।

এএম