কিইভে বিস্ফোরণ: সরকারি কর্মকর্তাদের অবহেলার প্রমাণ পাওয়ার দাবি জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি | ছবি: সংগৃহীত
0

কিয়েভের উপকণ্ঠে একটি আবাসিক এলাকায় অস্ত্রের গুদাম পরিচালনার অনুমতি দেয়া কর্মকর্তাদের শনাক্ত করা হয়েছে এবং তাদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওই গুদামে বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চলতি সপ্তাহে কিইভের পশ্চিম উপকণ্ঠের ছোট শহর ভিশনেভে একটি অস্ত্রাগারে হামলা চালায় রাশিয়া। এতে গুদামে থাকা অস্ত্রশস্ত্রে একের পর এক বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় আশপাশের শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

গতকাল (শনিবার, ১১ জুলাই) এক বক্তব্যে জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় নিরাপত্তা বাহিনীর তদন্তে রাষ্ট্রীয় অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘উক্রোবোরনপ্রোম’-এর সেই কর্মকর্তাদের শনাক্ত করা হয়েছে, যারা ভিশনেভে ওই গুদামটি ব্যবহারের অনুমতি দিয়েছিলেন।

জেলেনস্কি বলেন, ‘এটি আইন এবং সুপ্রিম কমান্ডার-ইন-চিফের সিদ্ধান্তের সরাসরি লঙ্ঘন ছিল। দায়ী কর্মকর্তাদের শনাক্ত করা হয়েছে এবং রাষ্ট্রের অবস্থান হলো—তাদের প্রত্যেককে অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে।’

অভিযুক্তদের নাম উল্লেখ না করে জেলেনস্কি বলেন, দুটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রধানরা আইন এবং ইউক্রেনের সামরিক বাহিনীর সিদ্ধান্ত লঙ্ঘন করে এই কার্যক্রম চালিয়েছেন। এই সিদ্ধান্তের সঙ্গে জড়িত অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধেও তদন্ত করা হবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, ‘প্রত্যেকটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে অবশ্যই নিশ্চিত করতে হবে যে এ ধরনের ট্র্যাজেডির যেন পুনরাবৃত্তি না হয়।’ এই ঘটনাটি ইউক্রেনে ব্যাপক জনরোষের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা কর্মকর্তাদের অবহেলা এবং সঠিক তথ্য না দেয়ার অভিযোগ তুলেছেন।

এএম