জাপানে ৬.১ মাত্রার ভূমিকম্প; সুনামির শঙ্কা নেই

পূর্ব চীন সাগরে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে
পূর্ব চীন সাগরে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে | ছবি: সংগৃহীত
0

জাপানের ওকিনাওয়া প্রিফেকচারের হিরাত উপকূলের অদূরে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ৪ মিনিটে সমুদ্রের তলদেশে এই কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হিরাত শহর থেকে প্রায় ১৩৬ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার নিচে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল সমুদ্রের প্রত্যন্ত এলাকায় হওয়ায় জনবসতিপূর্ণ এলাকায় বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া প্রাথমিকভাবে কোনো সুনামির সতর্কতাও জারি করা হয়নি।

জাপান ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয় ‘প্যাসিফিক রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্প হয়। বেশ কয়েকটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে দেশটির অবস্থান। মাঝেমধ্যে শক্তিশালী ভূমিকম্প উপকূলীয় দ্বীপগুলোতে কম্পন সৃষ্টি করলেও এবারের ভূমিকম্পটি সমুদ্রের গভীরে হওয়ায় স্থলভাগে এর প্রভাব সীমিত ছিল।


এএম