‘ফ্রম ভ্যানিটি টু ইনস্যানিটি’ শীর্ষক এই প্রতিবেদনে অভিযোগ করা হয়, ন্যাশনাল পার্ক ফাউন্ডেশনের (এনপিএফ) ভেতরে ‘ফ্রিডম ২৫০’ নামে একটি ছায়া প্রতিষ্ঠান তৈরি করে দুর্নীতি ও জালিয়াতির জাল বিছানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের এই ঐতিহাসিক বার্ষিকী উদযাপনের জন্য গঠিত অরাজনৈতিক ‘আমেরিকা ২৫০’ ফাউন্ডেশনের কার্যক্রমকে পাশ কাটিয়ে ট্রাম্প প্রশাসন নিজের অনুগতদের দিয়ে ‘ফ্রিডম ২৫০’ গঠন করে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে দাতাদের বিভ্রান্ত করে অর্থ সংগ্রহ, রাজনৈতিক প্রচার এবং ক্রিশ্চিয়ান ন্যাশনালিস্ট মতাদর্শ প্রচারের অভিযোগ উঠেছে।
ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য জ্যারেড হাফম্যান বলেন, ‘আমি কংগ্রেসে থাকাকালীন এমন ভয়াবহ কিছু আর দেখিনি। একটি বিশ্বস্ত দাতব্য সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে আমেরিকার ২৫০তম বার্ষিকীর উৎসবকে ট্রাম্পের ব্যক্তিগত এজেন্ডায় রূপান্তর করা হয়েছে।’
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, হোয়াইট হাউসের দক্ষিণ চত্বরে ট্রাম্পের ৮০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি ইউএফসি ইভেন্টে সরকারি সম্পদ অপব্যবহার করা হয়েছে। এমনকি ওই অনুষ্ঠানে অংশ নেয়া যোদ্ধাদের ট্রাম্পের সন্তানদের পরিচালিত প্রতিষ্ঠানের ক্রিপ্টোকারেন্সিতে অর্থ পরিশোধ করা হয়েছে।
তদন্তে দেখা গেছে, বার্ষিকী উদযাপনের নাম করে সংগ্রহ করা মানুষের ব্যক্তিগত তথ্য রিপাবলিকান প্রচারণার ডেটাবেজে যুক্ত করা হচ্ছে। এছাড়া স্কুলের শিশুদের জন্য তৈরি করা ভ্রাম্যমাণ জাদুঘরের প্রদর্শনীতে ইতিহাস বিকৃত করে একে একটি বিশেষ ধর্মীয় রূপ দেয়ার চেষ্টাও চলছে।
প্রতিবেদনে অভিযোগ করা হয়, দাসপ্রথা বা আদিবাসীদের উচ্ছেদের মতো ঐতিহাসিক সত্যগুলো মুছে ফেলে একটি সংকীর্ণ রাজনৈতিক পরিচয় প্রতিষ্ঠার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। তবে হোয়াইট হাউস এসব অভিযোগ এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।





