যুদ্ধ পরিচালনায় ব্যর্থতা ও দুর্নীতির অভিযোগ, চাপের মুখে নেতানিয়াহু

বেনইয়ামিন নেতানিয়াহু
বেনইয়ামিন নেতানিয়াহু | ছবি: সংগৃহীত
0

ইরান, গাজা, লেবাননসহ আঞ্চলিক যুদ্ধ পরিচালনায় ব্যর্থতা ও দুর্নীতির অভিযোগে, অক্টোবরের সাধারণ নির্বাচনের আগে সীমাহীন চাপের মুখে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। এছাড়াও, লেবানন ইস্যুতে যুক্তরাষ্ট্র- ইসরাইলের বিপরীতমুখী অবস্থান ভালোভাবে নিচ্ছে না ইসরাইলি জনগণ। বিশ্লেষকদের অভিমত, আসন্ন নির্বাচনে পরিবর্তন প্রত্যাশা করছে অনেক ইসরাইলি। এরইমধ্যে নেতানিয়াহুকে নির্বাচনে মাঠে শক্ত চ্যালেঞ্জ জানাচ্ছেন আরেক ডানপন্থী নেতা গাদি আইজেনকোট।

ইসরাইলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাওয়া কট্টর ডানপন্থী নেতা বেনইয়ামিন নেতানিয়াহুকে, তেলআবিবের রাজনীতিতে টিকে থাকা চূড়ান্ত ব্যক্তিত্ব হিসেবে মনে করা হয়।

তবে ইরান, গাজা, লেবাননসহ আঞ্চলিক যুদ্ধ পরিচালনায় ব্যর্থতা ও দুর্নীতির অভিযোগের কারণে, অক্টোবরের সাধারণ নির্বাচনের আগে সীমাহীন চাপের মুখে নেতানিয়াহু ও তার দল লিকুদ পার্টি। আসন্ন নির্বাচনে পরিবর্তন প্রত্যাশা করছেন অনেক ইসরাইলি।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর ক্রমবর্ধমান জনপ্রিয়তা হ্রাসের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র- ইরান সমঝোতা স্মারক সই। কেননা চুক্তিটি ভালোভাবে নেয়নি ইসরাইলিরা। পাশাপাশি লেবানন ইস্যুটি নিয়েও অস্পষ্টতা রয়েছে যুক্তরাষ্ট্র- ইসরাইলের মধ্যে।

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে, চুক্তির পরও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। নেতানিয়াহুর দাবি, উত্তর ইসরাইলের বাসিন্দাদের নিরাপদ ভবিষ্যত নিশ্চিতের জন্যই লেবাননে সেনা অভিযান অব্যাহত রেখেছে আইডিএফ। তবে ইসরাইলি প্রধানমন্ত্রীর দাবি মন গলাতে পারছে না উত্তর ইসরাইলের বাসিন্দাদের।

গাজার বাসিন্দারা বলেন, লজ্জা লাগে, আমি এই সরকারকে ভোট দিয়েছি। আমার ছেলে লেবানন যুদ্ধে নিয়োজিত। সন্তানের দুশ্চিন্তায় রাতে ঘুমাতে পারি না। যুদ্ধবিরতির পরও সাইরেন বাজছে। আমরা নিরাপদে নেই। প্রশ্ন জাগে, আমরা কোন বাস্তবতায় বাস করছি?

এছাড়াও, নেতানিয়াহুর বিরুদ্ধে ২০১৯ সাল থেকে দুর্নীতির বেশ কিছু অভিযোগ রয়েছে। যেগুলো আদালতে বিচারাধীন। এতদিন ট্রাম্পের হস্তক্ষেপে রেহাই পেলেও, ইরান যুদ্ধের জেরে ট্রাম্প- নেতানিয়াহুর সম্পর্কে অবনতি ঘটেছে বলেও মনে করছেন বিশ্লেষকরা।

দ্বিতীয় মেয়াদে মার্কিন মসনদের ক্ষমতা গ্রহণের প্রথম ১৩ মাসেই ৭ বার বৈঠকে বসেন ট্রাম্প- নেতানিয়াহু। তবে ইরান যুদ্ধের পর একবারও বৈঠকে বসেননি তারা। বিশ্লেষকদের অভিমত, অক্টোবরের নির্বাচনের আগে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে ও সম্পর্ক স্বাভাবিক করতে মরিয়া নেতানিয়াহু।

এদিকে, আসন্ন নির্বাচনে নেতানিয়াহুকে চ্যালেঞ্জ জানাচ্ছেন আরেক ডানপন্থী নেতা ও ইসরাইলের সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকোট। সাম্প্রতিক জরিপ বলছে, ৬৬ বছর বয়সী আইজেনকোটের রাজনৈতিক দল ইয়াশার দ্রুত জনপ্রিয়তা লাভ করছে। যা নেতানিয়াহু ও তার দল লিকুদ পার্টির জন্য দুশ্চিন্তার কারণ।

ইএ