ইরানে হামলায় ন্যাটোর সম্পৃক্ততা ছিলো— অভিযোগ তেহরানের

ন্যাটো লোগো
ন্যাটো লোগো | ছবি: সংগৃহীত
0

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসী হামলায় ন্যাটোর সম্পৃক্ততা ছিল বলে অভিযোগ তুলেছে তেহরান। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে এ অভিযোগ করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, বেআইনি এই আগ্রাসনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নেয়া ন্যাটোর প্রতিটি সদস্য রাষ্ট্রকে জবাবদিহি করতে হবে। এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় ইরান বড় ধরনের ছাড় দিচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধে না জড়ানোর ঘোষণা দিয়ে আসছিল পশ্চিমা সামরিক জোট ন্যাটো। কিন্তু দেশ দুটির মধ্যে শান্তি চুক্তির পর জোটটি এবার বলছে ভিন্ন কথা। ইরান যুদ্ধে ওয়াশিংটন পরিচালিত সামরিক অভিযান 'অপারেশন এপিক ফিউরি' সফল করতে বড় ধরনের সামরিক সহায়তা দিয়েছে ইতালি। বুধবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেন ন্যাটো মহাসচিব মার্ক রুট।

ন্যাটোর মহাসচিব মার্ক রুট বলেন, ইতালি তাদের নিজস্ব ভূখণ্ডে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিগুলো থেকে যুক্তরাষ্ট্রের প্রায় ৫০০টি যুদ্ধবিমানকে ইরানের উদ্দেশ্যে উড়ে যাওয়া এবং তেহরানে হামলা চালানোর সরাসরি অনুমতি দিয়েছিল

শুধু ইতালিই নয়, যুদ্ধে সহায়তা করেছে আরেক সদস্য রাষ্ট্র রোমানিয়াও। সাক্ষাতকারে রুট আরও জানান, যুদ্ধ চলার সময় মার্কিন যুদ্ধবিমানগুলোর জন্য আকাশে জ্বালানি সরবরাহ নিশ্চিতে মার্কিন সামরিক বাহিনীর জন্য রোমানিয়ার সব বিমানবন্দর উন্মুক্ত রাখা হয়েছিল।

আরও পড়ুন:

তবে, ন্যাটো মহাসচিবের এমন বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, জোট প্রধানের বক্তব্য মূলত তেহরানের বিরুদ্ধে পশ্চিমা সামরিক জোটের সক্রিয় অপরাধমূলক অংশীদারিত্বের স্পষ্ট স্বীকারোক্তি। তবে, বেআইনি এই আগ্রাসনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নেয়া ন্যাটোর প্রতিটি সদস্য রাষ্ট্রকে জবাবদিহি করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক শান্তি আলোচনায় ইরান বড় ধরনের ছাড় দিচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওয়াশিংটনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আপনারা তো জানেনই, আমরা অনেক ব্যবধানে জিতছি। ইরান অনেক বড় ছাড় দিচ্ছে। দেখা যাক কী হয়।

ইরান এখন শক্তিশালী ও মর্যাদাপূর্ণ জাতি হিসেবে স্বীকৃত বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বলেন, তেহরানের সশস্ত্র বাহিনী মার্কিন-ইসরাইলি হামলার এমন জবাব দিয়েছে, যা কেউ কল্পনাও করতে পারেনি।

এরমধ্যেই, হরমুজ প্রণালির মধ্য দিয়ে নতুন নৌপথের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস-আইআরজিসি। বৃহস্পতিবার প্রেস টিভিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, শুধুমাত্র ইরান কর্তৃক নির্ধারিত পথই অনুমোদিত। জাহাজগুলোকে অবশ্যই তাদের সাথে সমন্বয় করতে হবে। তবে, যেসব জাহাজ এই করিডোরের বাইরে যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করেছে আইআরজিসি।

এদিকে, ইরানের পারমানবিক স্থাপনা পরিদর্শনের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা- আই.এ.ই.এ। তবে তা চুক্তির ওপর নির্ভর করছে বলে সাফ জানিয়েছে তেহরান।

ইএ