ইসরাইলের একমাত্র মিত্র ট্রাম্প; সমালোচকদের কড়া জবাব ভ্যান্সের

জেডি ভ্যান্স
জেডি ভ্যান্স | ছবি: সংগৃহীত
0

ইরানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির বিরোধিতাকারী ইসরাইলিদের কড়া জবাব দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গতকাল (বৃহস্পতিবার, ১৮ জুন) তিনি বলেছেন, বর্তমানে বিশ্বে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই ইসরাইলের একমাত্র মিত্র। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করার সময় তিনি ইসরাইলকে দেয়া কোটি কোটি ডলারের মার্কিন প্রতিরক্ষা সহায়তার কথাও উল্লেখ করেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে এই সপ্তাহে স্বাক্ষরিত চুক্তির পক্ষে যুক্তি দিতে গিয়ে ভ্যান্স এই মন্তব্য করেন। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমালোচকেরা বলছেন, এই চুক্তি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি দমন করতে পারেনি এবং তাদের পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলার কোনো স্পষ্ট পথ তৈরি করেনি। উল্টো এটি লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধকে সীমিত করে দিয়েছে। চার মাস আগে ইরানে যৌথভাবে হামলা চালানোর পর এই চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু চুক্তি নিয়ে ক্ষুব্ধ—এমন এক প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে ভ্যান্স বলেন, ‘নেতানিয়াহুর কাছ থেকে এমন কোনো মন্তব্য তিনি শোনেননি। তবে ইসরাইলি মন্ত্রিসভার সদস্যরা এই চুক্তির সমালোচনা ও ট্রাম্পকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন।’ তিনি আরও বলেন, ‘আমি যদি ইসরাইলি সরকারের মন্ত্রিসভায় থাকতাম, তবে বিশ্বে আমার অবশিষ্ট থাকা একমাত্র শক্তিশালী মিত্রকে আক্রমণ করতাম না।’

ভ্যান্স তাদের আরও স্মরণ করিয়ে দেন যে, ইসরাইলকে রক্ষা করা প্রতিরক্ষা অস্ত্রের দুই-তৃতীয়াংশই ‘আমেরিকান হাতে তৈরি এবং আমেরিকান করদাতাদের অর্থে কেনা’। যুক্তরাষ্ট্র প্রতিবছর ইসরাইলকে প্রায় ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেয়। তিনি বলেন, ‘ইসরাইলের সমস্যা ডোনাল্ড ট্রাম্প নন। ইসরাইলে যে কেউ যদি মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টই তার সবচেয়ে বড় সমস্যা, তবে তার দেশের প্রকৃত পরিস্থিতি বোঝা উচিত।’

এদিকে নেতানিয়াহু চুক্তির পর প্রথম প্রতিক্রিয়ায় বলেছেন, ইসরাইল যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ককে মূল্য দেয়। তবে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ লেবাননে দখলদারিত্ব অব্যাহত রাখা হবে। বৃহস্পতিবার ইসরাইল দক্ষিণ লেবাননে সম্প্রসারিত সামরিক নিয়ন্ত্রণ অঞ্চলের একটি মানচিত্র প্রকাশ করেছে।

ইসরাইলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের সমালোচনা করে ভ্যান্স নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘আপনাদের প্রস্তাব আসলে কী? আপনারা মাত্র ৯০ লাখ মানুষের দেশ। আপনারা প্রতিটি জাতীয় নিরাপত্তা সমস্যার সমাধান কেবল হত্যার মাধ্যমে করতে পারেন না।’ জবাবে বেন-গভির এক্সে লিখেছেন, ‘একুশ শতকের নাৎসিদের সঙ্গে ঠিক সেভাবেই মোকাবিলা করতে হবে, যেভাবে যুক্তরাষ্ট্র বিশ শতকের নাৎসিদের সঙ্গে করেছিল।’

ট্রাম্প পরে এক পোস্টে মধ্যপ্রাচ্যের সবাইকে আলোচনার পথ খোলা রাখার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমরা লেবানন, হিজবুল্লাহ ও ইসরাইলসহ সব ফ্রন্টে পূর্ণ যুদ্ধবিরতি প্রত্যাশা করছি।’

এএম