লেবাননে হামলা না হলে ইসরাইলে আর আঘাত নয়: ইরান

উচ্ছ্বসিত ইরানের সাধারণ মানুষ
উচ্ছ্বসিত ইরানের সাধারণ মানুষ | ছবি: সংগৃহীত
0

ইসরাইলের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সমাপ্তির ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। তবে ইসরাইল যদি লেবাননে পুনরায় হামলা চালায়, তবে আরও ‘কঠোর’ পাল্টা আঘাত হানা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

ইরানের সামরিক বাহিনীর ‘খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’-এর একটি বিবৃতি উদ্ধৃত করে ফার্স নিউজ জানায়, অপরাধী আমেরিকার সমর্থনে দক্ষিণ লেবানন এবং দাহিয়েহ এলাকায় বর্বর ইহুদিবাদী শাসকগোষ্ঠী যে আগ্রাসন ও উসকানি চালিয়েছিল, তার জবাবে লেবাননের মজলুম জনগণের সমর্থনে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী এই শাসকগোষ্ঠীকে একটি বেদনাদায়ক জবাব দিয়েছে।

অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া এ যুদ্ধ অবসানে একটি শান্তি চুক্তির প্রচেষ্টা চলছিল। তবে সাম্প্রতিক দফায় দফায় পাল্টাপাল্টি হামলা সে প্রচেষ্টাকে ভেস্তে দেওয়ার উপক্রম করলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইল ও ইরানকে তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান। ট্রাম্পের এ আহ্বানের পরই ইরানের পক্ষ থেকে অভিযান সমাপ্তির এ ঘোষণা এলো।

ইরানের এ ঘোষণার পর ইসরাইলের পক্ষ থেকে তাৎণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরাইলি সামরিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন, ইরানে কয়েক দিন থেকে শুরু করে যত দিন প্রয়োজন তত দিন ধরে অভিযান চালানোর মতো বিভিন্ন বিকল্পের জন্য তাদের দেশ প্রস্তুত রয়েছে।

এএইচ