বিতর্কে ইভাঙ্কা-কুশনারের আলবেনিয়া রিসোর্ট প্রকল্প; বিক্ষোভে উত্তাল দেশ

বিক্ষোভ চলাকালে আলবেনিয়ার জাতীয় পতাকা ওড়াচ্ছেন আন্দোলনকারীরা
বিক্ষোভ চলাকালে আলবেনিয়ার জাতীয় পতাকা ওড়াচ্ছেন আন্দোলনকারীরা | ছবি: রয়টার্স
0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সংশ্লিষ্টতায় আলবেনিয়ায় পরিকল্পিত একটি পর্যটন কমপ্লেক্স প্রকল্প নিয়ে চলমান বিক্ষোভে উদ্বেগের কিছু নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী এডি রামা। গতকাল (শুক্রবার, ৫ জুন) তিনি বলেছেন, ‘উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।’ এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রায় এক সপ্তাহ ধরে আলবেনিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা এবং তার স্বামী জ্যারেড কুশনারের নেতৃত্বে পরিচালিত বিলাসবহুল রিসোর্ট প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ দানা বাঁধছে। প্রায় দুই বছর আগে এই প্রকল্পের ঘোষণা দেয়া হলেও এর অনেক খুঁটিনাটি বিষয় এখনো স্পষ্ট নয়।

আনুমানিক ১২০ কোটি (১.২ বিলিয়ন) মার্কিন ডলার মূল্যের এই প্রকল্পটি পরিবেশের জন্য ক্ষতিকর হবে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। কারণ দক্ষিণ অ্যাড্রিয়াটিক উপকূলের সংরক্ষিত এলাকা ভজোসা-নার্তায় বিলাসবহুল হোটেল নির্মাণের পরিকল্পনা রয়েছে।

বলকান নেতাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনে যোগ দিতে মন্টিনিগ্রোয় গিয়ে সাংবাদিকদের রামা বলেন, ‘এখনো কোনো প্রকল্প অনুমোদিত হয়নি। প্রথমে আমাদের প্রকল্পটি থাকতে হবে, তারপর তা দেখতে হবে, তারপর আলোচনা করতে হবে। যা এখনো নেই, তা নিয়ে আলোচনা করতে পারি না।’ এই বিক্ষোভ সম্পর্কে জানতে চাইলে তিনি পশ্চিমা গণমাধ্যমকে ‘অনেক বেশি সতর্কভাবে’ সংবাদ পরিবেশন করার আহ্বানও জানান।

রামা বলেন, ‘যতক্ষণ কোনো প্রকল্প নেই, ততক্ষণ উদ্বিগ্ন হওয়ারও কারণ নেই।’ তবে তিনি জানান, এই পরিকল্পনায় বিশ্বের ‘শীর্ষ’ বিশেষজ্ঞরা যুক্ত আছেন এবং উদ্দেশ্য হলো ‘অনন্য কিছু একটা তৈরি করা’।

পরিকল্পনা অনুযায়ী, প্রকল্পের উদ্যোক্তারা জনমানবহীন সাজান দ্বীপকেও এক জমকালো পর্যটন গন্তব্যে রূপান্তরিত করার আশা করছেন। এক সময়ের কমিউনিস্ট আমলের এই গোপন সামরিক ঘাঁটিকে কেন্দ্র করেই এই পরিকল্পনা।

হোটেল নির্মাণের জন্য নির্ধারিত জমির মালিকানা অধিগ্রহণসংক্রান্ত বিষয়গুলো নিয়েও এখনো অস্পষ্টতা রয়েছে। এখন পর্যন্ত কোনো ভবনই নির্মাণ করা হয়নি।

তবে কুশনারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা ছবি, চলতি বছরের শুরুর দিকে বিনিয়োগকারীদের সঙ্গে ইভাঙ্কা ট্রাম্পের আলবেনিয়া সফর এবং সম্প্রতি একটি পডকাস্টে এই অঞ্চলের প্রশংসা—সব মিলিয়ে এই প্রকল্পের কথাই বারবার উঠে এসেছে।

সাম্প্রতিক দিনগুলোতে উপকূলে প্রস্তুতিমূলক কাজ এবং সৈকতে বুলডোজার চালানোর কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওগুলো ভাইরাল হয়ে এই প্রকল্পের বিরুদ্ধে বিরোধিতা আরও তীব্র করেছে।

এএম